২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ‘অগ্রযাত্রায়’ ওবামার অভিনন্দন

সংস্কারকাজে মিয়ানমারের অসামান্য অগ্রগতির প্রশংসা করেছেন দেশটি সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, মিয়ানমারকে আরো বহুদূর এগিয়ে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারকাজে মিয়ানমারের অসামান্য অগ্রগতির প্রশংসা করেছেন দেশটি সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, মিয়ানমারকে আরো বহুদূর এগিয়ে যেতে হবে। সংস্কারের পদক্ষেপ মিয়ানমারে পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছে। আর সংস্কার কর্মসূচির এ লক্ষ্যণীয় অগ্রগতিতে দেশটির প্রতি ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দিতেই সেখানে সফর করছেন বলে এক ভাষণে জানান ওবামা। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে দেয়া ওই ভাষণে তিনি স¤প্রতি রাখাইন রাজ্যের সহিংসতার দিকেও মনযোগ দেয়ার আহ্বান জানান। ওবামা সেখানে আসার সময় রাস্তার দুই পাশে মিয়ানমারের জনতা ভিড় করে ছিল। তাদের কারো কারো হাতে উড়ছিল যুক্তরাষ্ট্রের পতাকা। ২০১০ সালের নভেম্বরে সেনা শাসনের সমাপ্তির পর থিয়েন সেইন সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমে সমর্থন দিতে ওবামা মিয়ানমার সফর করছেন। তবে ছয় ঘন্টার মিয়ানমার সফরে রাজধানী নিপিধোতে যাচ্ছেন না ওবামা। রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণই তার মিয়ানমার সফরের উল্লে¬খযোগ্য দিক। ১৯৮৮ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এই বিশ্ববিদ্যালয়। সহিংস পন্থায় জান্তা সরকার ওই আন্দোলন দমন করেছিল। শিক্ষার্থীদের উদ্দেশে ওবামা বলেন, মিয়ানমারের অর্থনৈতিক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সহায়তা করে এর অগ্রযাত্রার সহযাত্রী হতে পারে। রাখাইন রাজ্যের সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় ঐক্য পুনর্প্রতিষ্ঠা হতে সময় লাগবে। কিন্তু সাধারণ মানবিকতার স্বার্থে, দেশের ভষিষ্যতের স্বার্থে সহিংসতায় উষ্কানি বন্ধ করা প্রয়োজন।” মিয়ানমারে স¤প্রতি মুসলিম ও বুদ্ধদের মধ্যে সহিংসতায় ১ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেইনের সঙ্গে বৈঠকের সময় ওবামা বলেছেন, “এখন মিয়ানমারের উল্লেখযোগ্য উন্নয়নের সম্ভাবনা রয়েছে।” মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলার সময় সরকারের পছন্দানুযায়ী বার্মার পরিবর্তে মিয়ানমার নামটি ব্যবহার করেছেন যা দেশটির সামরিক সরকার আগের নাম পরিবর্তন করে রেখেছিল। যুক্তরাষ্ট্র এতদিন বার্মা নামটি ব্যবহার করলেও ওবামার মিয়ানমার নামটির ব্যবহার মার্কিন নীতির পরিবর্তন কিনা তা এখনো স্পষ্ট নয়। এরপর তিনি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র সঙ্গে তার হ্রদের পাশের বাড়িতে দেখা করেন। ওই বাড়িতেই তিনি বছরের পর বছর গৃহবন্দী ছিলেন। এসময় মিয়ানমারের প্রতি সহায়ক দৃষ্টিভঙ্গির জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান সু চি। এরপর ওবামা ও তার সফরসঙ্গীরা রেঙ্গুনের শ্বদাগন বৌদ্ধ মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটান। দেশটির ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহুর্তে এ মন্দিরটি কেন্দ্রবিন্দুর ভূমিকা পালন করেছে। ওবামার সঙ্গে সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যিনি প্রায় এক বছর আগে প্রথম মিয়ানমার সফরে গিয়েছিলেন। মিয়ানমার থেকে ওবামা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ানে’র সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৩ঘ.