ব্যাংকক, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়ার তিন দেশে সফরের শুরুতে রোববার থাইল্যান্ডে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এরপর মিয়ানমার এবং তারপর কম্বোডিয়া সফরকালে পূর্ব এশিয়ার দেশগুলোর এক সম্মেলনেও যোগ দিবেন তিনি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রনীতি প্রাচ্যমুখী হতে যাচ্ছে, এমন ইঙ্গিতই দিচ্ছে ওবামার এ এশিয়া সফর।
দীর্ঘ সময় ধরে ইরাক ও আফগানিস্তানে অবস্থানের পর মার্কিন সেনাদের দেশ দুটির ছেড়ে যাওয়ার সময় হয়ে আসায় এ অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।
ব্যাংকক সফরে দেশটির প্রধামন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন ওবামা। এরপর একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিবেন তারা।
হাসপাতালে চিকিৎসাধীন থাই রাজা ভূমিবল আদুলয়াদেজের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া রাজকীয় ওয়াট পো মঠ পরিদর্শন করবেন তিনি।
প্রাচ্যমুখী পররাষ্ট্রনীতিতে থাইল্যান্ডকে মূল মিত্রশক্তি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রথম বিদেশ সফরে এশিয়ায় আসায় অর্থনৈতিকভাবে দ্রুত উঠে আসা এ অঞ্চলের সঙ্গে সুসম্পর্ক দৃঢ় করায় তার আগ্রহ আরো ষ্পষ্ট হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের দ্বীপরাজ্য হাওয়াইয়ে জন্মগ্রহণ এবং পরবর্তীতে ইন্দোনেশিয়ায় বড় হওয়া ওবামা নিজেকে ‘প্রশান্ত মহাসাগরীয় প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেছেন।
এশিয়ায় তিনদিনের সফরের দ্বিতীয় দিন মিয়ানমার যাবেন ওবামা। অর্ধশতাব্দী ধরে সেনাশাসনের অধীনে থাকা মিয়ানমারে মার্কিন প্রেসিডেন্টের সফরকে একটি মাইলফলক বলে ধরে নেয়া হচ্ছে।
মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন ও বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করবেন ওবামা।
তবে দেশটিতে মানবাধিকার রক্ষায় সেনাসমর্থিত সরকারের বিতর্কিত আচরণের পরও সেখানে মার্কিন প্রেসিডেন্টের সফরের সিদ্ধান্তের সমালোচনা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
মিয়ানমারে মানবাধিকার রক্ষার ব্যাপারে, বিশেষ করে জাতিগত দাঙ্গা কমিয়ে আনা নিয়ে ওবামা আলোচনা করবেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৩০ঘ.
bdnews24