বৈরুত, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর ব্যবহৃত ইরাক সীমান্তবর্তী একটি বিমান বন্দর দখল করার দাবি করেছে সিরীয় বিদ্রোহীরা।
শনিবার বিমান বন্দরটি দখল করা হয়েছে বলে জানিয়েছে তারা।
এর মাধ্যমে ইরাক সীমান্তবর্তী শহর আলবু কামালে নিজেদের অবস্থান আরো দৃঢ় হওয়ার কথা জানিয়েছে বিদ্রোহীরা।
বিমান বন্দরটি দখলের পরে সেখানে আসাদ বাহিনীর যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয় বলে জানিয়েছে স্থানীয় বিদ্রোহী বাহিনীর সদস্য জিয়াদ আল-আমির।
আমির জানান, বিদ্রোহী বাহিনী বেশকিছু মর্টার ও অস্ত্রসহ সামরিক গাড়িও পেয়েছে ঘাঁটিটিতে।
বিদ্রোহী বাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দির আল-যোর প্রদেশের মরুভূমির এক বিমানঘাঁটিতে বিদ্রোহী যোদ্ধাদের টহল দিতে এবং আসাদ বাহিনীর ফেলে যাওয়া ট্যাঙ্কগুলো পরীক্ষা করতে দেখা যায় । ভিডিওটিতে ঘাঁটির ভবনগুলো থেকে ধোঁয়া উড়তেও দেখা যায়।
তবে বিমানবন্দর দখলের পর আলবু কামাল শহর প্রান্তে আসাদ বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে ১২ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয় বলেও জানান তিনি।
বিদ্রোহীদের দখলের দাবী করা হামদান বিমানবন্দর একসময় কৃষিপণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হলেও বিদ্রোহ শুরু হওয়ার পরে একে সেনাবাহিনীর ট্যাঙ্ক ও হেলিকপ্টার ওঠানামার ঘাঁটিতে পরিণত করে সিরীয় সেনাবাহিনী। বিমানবন্দরটি বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় দেইর আল-যোর শহরে সেনাবাহিনীর নিজস্ব বিমানবন্দরটি ছাড়া এ প্রদেশে তাদের দখলে আর কোনো বিমানবন্দর রইলো না।
দু’দিন আগেই নিকটবর্তী আলবু কামাল শহর দখল করে বিদ্রোহী বাহিনী, তবে হামদান বিমানবন্দর দখল করতে না পারায় বিদ্রোহী বাহিনীর বিভিন্ন অবস্থানে হেলিকপ্টার থেকে হামলা চালানো হচ্ছিলো। হামদান দখল করে রাখতে পারলে ৬০ হাজারের বেশি বাসিন্দার শহরটির উপর বিদ্রোহীর নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুলরহমান বলেন, “বিদ্রোহীদের সাম্প্রতিক সাফল্যগুলোর পর বর্তমানে বিদ্রোহীদের দখলে সবচেয়ে বড় এলাকাটি রয়েছে ইরাক সীমান্তবর্তী দির আল-যোর প্রদেশে।”
গত ২০ মাস ধরে চলা সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলন বর্তমানে গৃহযুদ্ধে রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে প্রায় পুরো দেশে। সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫২০ ঘ.
bdnews24