রিয়াদ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের দুর্বল লিগামেন্ট ঠিক করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ।
শুক্রবার তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা এসপিএ।
বর্তমানে ৮৮ বছর বয়সী বাদশা আবদুল্লাহ গত বছর অক্টোবরে অপর একটি দুর্বল লিগামেন্টের অস্ত্রোপচার করিয়েছিলেন। এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে মেরুদণ্ডের ব্যথার জন্য দুইবার অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন অস্ত্রোপচার পরবর্তী বিশ্রামের জন্য তিন মাস তিনি দেশের বাইরে ছিলেন।
এসপিএ’র খবরে বলা হয়েছে, “দুই পবিত্র মসজিদের প্রধান খাদেম, বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ রিয়াদের ন্যাশনাল গার্ডের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে ভর্তি হয়েছেন। এখানে বাদশার পিঠের একটি দুর্বল লিগামেন্ট ঠিক করার জন্য অস্ত্রোপচার করা হবে।”
তার অনুপস্থিতিতে যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ তার ডেপুটি হিসেবে সাধারণত রাষ্ট্রীয় সব দায়িত্ব পালন করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৮ ঘ.
bdnews24