২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের পরীক্ষার মুখে চীনের নতুন নেতারা

চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮ তম সম্মেলনে নির্বাচিত নতুন নেতারা একগাদা সংস্কারের চাপে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বেইজিং, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮ তম সম্মেলনে নির্বাচিত নতুন নেতারা একগাদা সংস্কারের চাপে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সম্মেলনে নেতারা সর্বসম্মতিক্রমে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। দলের শাসনতন্ত্রে পরিবর্তন আনতেও আগ্রহী তারা। দেশকে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়নের দিকে এগিয়ে নিতে চান নেতারা। কিন্তু এখনো বিপুল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা নতুন নেতাদের জন্য এ সংস্কার কাজ কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে সামাল দেয়া না গেলে দল নড়বড়ে হয়ে পড়তে পারে। চীনের সামনে এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। চীনে অর্থনৈতিক উন্নয়নে ৫০ কোটি মানুষ দারিদ্রমুক্ত হয়েছে। কিন্তু তারপরও চীনের উন্নয়নের গোড়ার দিকে অবদান রাখা এ অর্থনৈতিক মডেল এখন পরিবর্তন করার সময় হয়ে এসেছে। চীনা জনগণের অনেকের মধ্যেই সা¤প্রতিক সময়ে নেমে এসেছে হতাশা। খাদ্যঘাটতি, ধনী-গরিব বৈষম্য, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে অনিরাপত্তা থেকেই তৈরি হয়েছে এ হতাশা। চীনা ও পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে আবার ভারসাম্য ফিরিয়ে আনা প্রয়োজন। আর তা করতে রাষ্ট্রায়ত্ব কোম্পানিগুলোকে প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করে দেয়া, ছোট এবং মাঝারি কোম্পানিগুলোকে আরো সহায়তা দেয়াসহ আরো নানা পদক্ষেপ নেয়া প্রয়োজন। বৈষম্য দূর করা চীনা নেতাদের জন্য আরেকটি বড় পরীক্ষা। শহুর এবং গ্রামের মানুষদের আয় বৈষম্য বেড়েছে চীনে। ১৯৮৫ সালের পর শহর-আর গ্রামের মানুষদের অয় বৈষম্য বেড়ে দাঁড়িয়েছে ৬৮ শতাংশে। এ বৈষম্য সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে উদ্বিগ্ন সরকার। সেকারণে সিচুয়ানের মতো দরিদ্র প্রদেশগুলোতে দারিদ্র দূরীকরণ কর্মসূচির কথা ভাবতে হবে সরকারকে। স্বাস্থ্যসেবা এবং শিক্ষক্ষেত্রে চীন অনেক বেশি মানুষকে সুযোগ সুবিধার আওতায় নিয়ে এলেও সমালোচকরা বরছেন এখনো আরো অনেক কাজ বাকি। পরিবেশ সমস্যা সামাল দেয়াও নতুন চীনা নেতাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ। চীনের দ্রুত প্রবৃদ্ধি বিশ্বে সবচেয়ে বেশি পরিবেশ সঙ্কট সৃষ্টি করেছে। বিশ্বে সবচেয়ে বড় গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী দেশে পরিণত হয়েছে চীন। ভবিষ্যতে জ্বালানির প্রধান উৎস হিসাবে চীন এখনো কয়লার ওপর নির্ভরশীল। সম্পদ সমৃদ্ধির কারণে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত চীনের রাস্তায় বেড়েছে গাড়ির সংখ্যা। কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে দূষিত পরিবেশের ৩০ টি নগরীর মধ্যে ২০ টিই চীনের। দেশটির ৪০ কোটিরও বেশি মানুষের জন্য ভালো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। ১০ কোটিরও বেশি মানুষের জন্য পানি সরবরাহের ব্যবস্থা নেই। দেশের ৪০ শতাংশেরও বেশি নদী দূষিত। সাড়ে দশ কোটি অভিবাসী শ্রমিকের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নেই। এ সমস্ত সমস্যা ছাড়াও চীনের জনগণ আগের তুলনায় এখন অনেকটা ধনী এবং সুশিক্ষিত হয়ে ওঠার কারণে তাদের প্রত্যাশাও বদলে গেছে। নতুন নেতারা কেবল কর্মসংস্থান আর সম্পদ সৃষ্টির লক্ষ্য নিয়ে অর্থনীতি পরিচালনা করবেন এমন প্রত্যাশা আর নেই চীনাদের। তারা এখন আরো ভাল সেবা এবং অধিকতর স্বাধীনতাও চায়। এর সঙ্গে আছে চীন সরকারের এক সন্তান নীতির প্রতি জনগণের অসেন্তোষ। এ নীতির কারণে চীনে তরুণের সংখ্যা দিন দিনই কমছে। ২০১৫ সাল থেকে কাজ করার বয়সী জনগোষ্ঠী কমতে শুরু করবে চীনে। এক পর্যায়ে গিয়ে ইইউ এর তুলনায় বৃদ্ধদের সংখ্যা বেশি বেড়ে যাবে চীনে। বিশ্লেষকরা বলছেন, এ সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলার বোঝা টানতে হবে নতুন নেতাদের। সংস্কারের জন্য তাদেরকে ভাবতে হবে জনগণের কথা। জনগণের চিন্তাভাবনাকে আমলে নিয়েই নতুন নেতাদের পথ চলতে হবে। সমস্যাগুলো সামাল দিতে হবে দক্ষ হাতে। তবেই সংস্কারের পরীক্ষায় উৎরাতে পারবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯৩৩ঘ.