দুবাই, নভেম্বর ১৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর সমর্থনপুষ্ট বোমা হামলা পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় টিভি শুক্রবার এ খবর দিয়েছে।
ইরান অতীতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ইরানি বিজ্ঞানীদের হত্যার অভিযোগ করেছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি ওয়েবসাইট অনুযায়ী, গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শেষ কয়েক দিনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সংশ্রব থাকা বেশ কয়েকজন সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি দেশ থেকে পাঠানো বিস্ফোরক ও অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
এতে আরো বলা হয়, পশ্চিমা-ইহুদি গোয়েন্দাদের মদদপুষ্ট এই সন্ত্রাসীরা অন্তর্ঘাতমূলক অন্যান্য তৎপরতা চালানোর চেষ্টা করেছে যেগুলো নস্যাৎ করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে জানানো হয়নি। কেবল একথাই বলা হয়েছে যে, এই সন্ত্রাসীরা খুজেস্তান এলাকার অবকাঠামো আংশিক উড়িয়ে দিতে চেয়েছিল।
খুজেস্তান এলাকাটিতে জাতিগত আর ইরানিদের বাস।তারা দীর্ঘদিন ধরে অথনৈতিক বঞ্চনা আর বৈষম্যের অভিযোগ করে আসছে। এ অঞ্চলটি মাঝে মাঝেই মারাত্মক জঙ্গি হামলার শিকার হয়েছে।
২০১০ সাল থেকে ৫ জন ইরানি বিজ্ঞানী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির ভিত দুর্বল করে দিতেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা তেহরানের।
যুক্তরাষ্ট্র এ সমস্ত হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। অন্যদিকে, ইসরায়েল এ ব্যাপারে নিশ্চুপ রয়েছে।
ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে বলে পশ্চিমাদের ধারণা। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১৪ঘ.
bdnews24