মুম্বাই, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিবসেনা নেতা বাল থ্যাকারের মৃত্যুর গুজবে বৃহস্পতিবার স্তব্ধ হয়ে যায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই।
বুধবার বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে থ্যাকারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের অনেক এলাকায় দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমে আসে শিবসেনা সমর্থকেরা।
তবে শিবসেনার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থ্যাকারের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। ৮৬ বছর বয়সী থ্যাকারে বর্তমানে যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন এবং সবসময় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
শিবসেনার প্রতিষ্ঠাতা ও সভাপতি বাল থ্যাকারে ভারতের রাজনীতিতে সবচেয়ে কট্টরপন্থী নেতাদের একজন। মুম্বাইয়ে একজন জনপ্রিয় ও প্রভাবশারী ব্যক্তিত্ব হলেও অভিবাসন, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে তার বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার থ্যাকারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার শিবসেনা সমর্থক রাস্তায় নেমে আসলে সহিংসতার আশঙ্কার নিরাপত্তা কর্ডন সৃষ্টি করে দাঙ্গা পুলিশ। তবে সমর্থকেরা মুম্বাই শহরের কেন্দ্রে থ্যাকারের বাড়ির সামনে জড়ো হয়ে প্রার্থনা করেন।
মুম্বাইয়ের শিবসেনা সমর্থক অধ্যুষিত এলাকায় সব দোকানপাট বন্ধ রাখা হয়। অফিস ও ব্যাংকগুলো খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের আগেই বাড়ি চলে যেতে দেয়া হয়।
তবে শিবসেনার কর্মকর্তা সঞ্জয় রাউত জানান, বুধবার রাতে তার অবস্থার ব্যাপক অবনতি ঘটলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। বৃহস্পতিবার তার অবস্থার উন্নতি হয়।
১৯৯৬ সালে থেকে মুম্বাইয়ের সিটি কাউন্সিলে নিয়ন্ত্রকের ভূমিকা রেখে আসছে শিবসেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.
bdnews24