২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধীজোটকে অস্ত্র দেয়া হোক, চায় ফ্রান্স

সিরিয়ার বিরোধী জোটকে অস্ত্র সরবরাহের পক্ষে ফ্রান্স। বিষয়টি নিয়ে ইউরোপীয় মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ার বিরোধী জোটকে অস্ত্র সরবরাহের পক্ষে ফ্রান্স। বিষয়টি নিয়ে ইউরোপীয় মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্স সরকার সিরিয়ার ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা শিথিলের জন্য চাপ দেয়ার পরিকল্পনা করেছে। যাতে করে প্রতিরক্ষার জন্য অস্ত্র সিরিয়ার বিদ্রোহীদের হাতে যেতে পারে। পশ্চিমা দেশগুলোর মধ্যে ফ্রান্সই প্রথম নতুন বিরোধীজোটকে সিরিয়ার জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দিয়েছে। জোটের প্রতিনিধিদের লন্ডন এবং প্যারিসে বৈঠক করার কথা রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিয়াস বলেছেন, সিরিয়ায় আরো অস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। কিন্তু বিরোধীদেরকে সিরিয়ার সশস্ত্র বাহিনীর হামলার মুখে অরক্ষিত রাখাটাও বিপজ্জনক। ফ্রান্সের আরএলটি বেতারে তিনি বলেন, “এ মুহূর্তে নিষেধাজ্ঞা আছে। আর তাই ইউরোপের পক্ষ থেকে কোনো অস্ত্র সরবরাহ করা হচ্ছে না। প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের জন্য বিষয়টি নিঃসন্দেহে আলোচনায় তোলা হবে।” তিনি আরো বলেন, “সিরিয়ার বিরোধীজোটের অনুরোধেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। অস্ত্রসরবরাহের বিষয়টি কেবল ইউরোপীয় জোটের অন্যান্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই করা যেতে পারে।” তবে রাশিয়া এর বিরোধিতা করে বলছে, সিরিয়ার বিরোধীজোটকে বিদেশি অস্ত্র সহায়তা দেয়াটা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলেই গণ্য হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৬ঘ.