ইয়াঙ্গুন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফরের আগেই ৪৫২ জন বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার।
এসব বন্দির মধ্যে বেশ কিছু সংখ্যক ভিন্নতাবলম্বী রাজনৈতিক বন্দিও রয়েছে। তবে এদের সংখ্যা জানানো হয়নি।
মিয়ানমারের রাষ্টীয় গণমাধ্যম জানিয়েছে, ‘দ্বিপক্ষীয় সুসম্পর্ককে আরো দৃঢ় করার উদ্দেশ্যে’ এসব বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।
মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী সংগঠন এএপিপি বলছে, যে কোনো বন্দিকে মুক্তি দেয়ার আগে সাধারণত তার পরিবারকে অবগত করা হয়। তবে এ ঘোষণার পর এখনো কোনো রাজনৈতিক বন্দির পরিবারকে জানানো হয়েছে বলে জানা যায়নি। বলেন এএপিপি প্রতিনিধি বো কি।
গতবছর থেকে রাজনৈতিক পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে অর্ধশতাব্দী ধরে সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমার। বর্তমানে সেনাসমর্থিত নির্বাচিত সরকার শাসন করছে দেশটিতে।
এর আগে অবশিষ্ট সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছিলো যুক্তরাষ্ট্র,। তবে সবাইকে মুক্তি দেয়া হয়নি এখনো।
এএপিপি’র তথ্যানুযায়ী, ২০১১ সালের মে মাস থেকে এ বছরের জুলাই মাস পর্যন্ত প্রায় সাতশ’ বন্দিকে মুক্তি দেয়া হয়। সেপ্টেম্বর মাসে ৮৮ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করা হয়।
১৭ নভেম্বর তিন দিনের সফরে মিয়ানমার সফর করবেন বারাক ওবামা। থাইল্যান্ড আর কম্বোডিয়ায়ও সফর করার কথা রয়েছে তার।
সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের সঙ্গে বৈঠক করবেন ওবামা। তবে এখানো রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেয়া এবং জাতিগত সংঘাত ঠেকাতে না পারার পরও দেশটিতে মার্কিন প্রেসিডেন্টের সফরের সমালোচনা করছেন অনেক বিশ্লেষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৩৬ঘ.
bdnews24