২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধী জোটকে এখনি সমর্থন দিচ্ছে না যুক্তরাষ্ট্র

সিরিয়ার নবগঠিত সরকার বিরোধী জোটকে যুক্তরাষ্ট্র এখনি স্বীকৃতি দিচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বৈরুত, নবেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার নবগঠিত সরকার বিরোধী জোটকে যুক্তরাষ্ট্র এখনি স্বীকৃতি দিচ্ছে না। যুক্তরাষ্ট্র বলছে, আগে এ জোটকে নিজের কার্যকারিতা প্রমাণ করতে হবে। সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে সিরীয় বিরোধী দল ও বিদ্রোহী বাহিনীর প্রতিনিধি নিয়ে গঠিত এ জোটকে বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, সিরীয় বিরোধী দলগুলোর প্রতিনিধি হিসেবে পূর্ববর্তী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের ব্যর্থতার পরে নতুন এ জোট গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিলো, তবে একে পূর্ণ স্বীকৃতি দেয়ার আনুষ্ঠানিক কোনো আবেদন এখনো আসেনি। হিলারি বলেন, ‘এ ধরনের একটি সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছি আমরা। এখন আমরা এর কার্যকারিতা দেখতে চাই। সিরিয়ায় বিভক্তি কারণ অনুসন্ধান করে তা দূর করতে এ বিরোধী জোট কাজ শুরু করলেই আমরা তাদের ও সিরিয়ার জনগণের সহায়তায় এগিয়ে যাবো।’ গত ২০ মাস ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন-বিদ্রোহ-লড়াই চালিয়ে আসছে সিরিয়ার সরকার বিরোধীরা। কিন্তু নিজেরদের মধ্যে বিভক্তি তাদের কখনোই আসাদ বাহিনীর বিরুদ্ধে উল্লেযোগ্য শক্তি হিসেবে দাঁড় করাতে পারেনি। এই নিয়ে সিরিয়ার বিদ্রোহীদের প্রতি বিরূপ ছিল তাদের পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের সমর্থনকারী রাষ্ট্রগুলো। অনেক প্রচেষ্টা সত্ত্বেও ঐক্য না হওয়ায় বিদ্রোহীদের সমালোচনা করে আসছিল তারা। শেষ পর্যন্ত বিদ্রোহীদের সমর্থনকারী অন্যতম রাষ্ট্র কাতারের রাজধানী দোহায় কয়েকদিন টানা বৈঠকের পর রোববার আসাদ বিরোধী সবপক্ষ মিলে সম্মিলিত বিরোধী জোট ‘ন্যাশনাল কাউন্সিল’ গঠন করে। দামেস্কের প্রাচীন উমাইয়া মসজিদের সাবেক ইমাম মোয়াজ আল খতিব ন্যাশনাল কাউন্সিলের নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচিত হয়েই ন্যাশনাল কাউন্সিলের প্রতি সমর্থন ও স্বীকৃতির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আবেদন জানান আল খতিব। সোমবার ছয়টি আরব রাষ্ট্র খতিবের আবেদনে সারা দেওয়ার পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে সারা দেয় ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৪১৩ ঘ.