২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নতুন নেতৃত্বের নাম ঘোষণার অপেক্ষা

আগামী এক দশক কাদের নেতৃত্বে পরিচালিত হবে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ চীন- তা নির্ধারিত হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 04:05 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

বেইজিং, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী এক দশক কাদের নেতৃত্বে পরিচালিত হবে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ চীন- তা নির্ধারিত হবে বৃহস্পতিবার। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসে নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৃহস্পতিবার পলিটব্যুরোর ২৪ জন সদস্য এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি নির্বাচন করবেন। এই পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যরাই আগামী দিনগুলোতে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক গতিপথ ঠিক করে দেবেন। এবার এই কমিটির সদস্য সংখ্যা দুই জন কমিয়ে সাতে নামিয়ে আনা হতে পরে। বিশ্লেষকদের ধারণা সত্যি হলে ভাইস প্রেসিডেন্ট জি জিনপিংই হতে যাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরসূরি। আর তার সঙ্গী হিসাবে ভাবা হচ্ছে উপপ্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের নাম। তারা দুজনেই বুধবার নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। এই নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে বুধবার চীনের একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেস শেষ হয়। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে দুই হাজার ২৭০ জন প্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করেন কেন্দ্রীয় কমিটির প্রায় ২০০ সদস্যকে। এই কংগ্রেসে সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রায় ১৭০ জন সদস্যও নির্বাচিত হন। এছাড়া সপ্তদশ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রতিবেদন এবং কমিউনিস্ট পার্টির সংবিধানের সংশোধনীও অনুমোদন পায় এই কংগ্রেসে। সমাপনী অধিবেশনে প্রেসিডেন্ট হু জিনতাও বলেন, “কংগ্রেসের মধ্য দিয়ে পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে এবং সেখানে প্রবীণদের জায়গায় তরুণরা এসেছেন।” এই কংগ্রেসে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো ‘চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রকে’ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী মার্চে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে দেশটির নতুন প্রেসিডেন্টকে দেখা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৪৫ ঘ.