২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপজুড়ে কৃচ্ছ্র বিরোধী ধর্মঘট

ইউরোপীয় ইউনিয়নজুড়ে ব্যয় কাটছাঁট, কর বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ ও ধর্মঘট করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নজুড়ে ব্যয় কাটছাঁট, কর বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ ও ধর্মঘট করছে। এ কৃচ্ছ্র কর্মসূচির ফলে জনগণের দুর্ভোগ বেড়ে যাওয়াসহ এ অঞ্চলের অর্থনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হওয়াতেই এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে ট্রেড ইউনিয়নগুলো। স্পেন ও পর্তুগালে সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা, কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান। স্পেনের রাজধানী মাদ্রিদে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে এ সংঘর্ষের পর ৩২ জনকে আটক করেছে পুলিশ। স্পেনে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। অবনতিশীল অর্থনীতির কারণে দেশটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এছাড়া, গ্রিস, ইতালি ও বেলজিয়ামেও ঢিমেতালে ধর্মঘট পাালিত হয়েছে বলে জানা গেছে। অন্যান্য দেশগুলোতে সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। স্পেন ও পর্তুগালে শতশত ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের সময়সূচি মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপজুড়ে এ বিক্ষোভ সমন্বয় করেছে ইউরোপীয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন। এ ফেডারেশনের এক কর্মী বিবিসিকে জানান, ব্যয় সংকোচনের পদক্ষেপ সফল হচ্ছে না। তিনি বলেন, “এটা বৈষম্য বাড়াচ্ছে, এটা সামজিক অস্থিরতা তৈরি করছে এবং এটা অর্থনৈতিক সঙ্কটেরও সমাধান ডেকে আনছে না।” বুধবার ২৩টি দেশের প্রায় ৪০টি সংগঠন কৃচ্ছ্র বিরোধী বিক্ষোভ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৪ঘ.