ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখুঁত হীরা হিসেবে বিশ্বের অন্যতম প্রশংসিত আর্চডিউক যোশেফ হীরার নিলাম হয়েছে। নিলামে হীরাটি ২ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে।
মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি হীরাটি নিলামে তোলে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা হীরাটি কিনে নেন বলে জানিয়েছে বিবিসি।
৭৬ ক্যারেটের এই হীরাটি ভারতের বিখ্যাত গোলকোন্ডা খনিতে পাওয়া গিয়েছিল। আলোক রাশ্মি এই হীরাটির একপাশ দিয়ে প্রবেশ করে অপরপাশ দিয়ে বের হওয়ার সময় কোনো ধরনের বাধা পায় না।
হীরাটির দাম ১ কোটি ৫০ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে নিলামের আগে ধারণা করা হয়েছিল। কিন্তু যে দাম উঠেছে তা সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
১৯৯৩ সালে শেষবার বিক্রির সময় হীরাটির দাম উঠেছিল মাত্র ৬৫ লাখ ডলার।
ক্রিস্টির আন্তর্জাতিক অলঙ্কার বিভাগের পরিচালক ফ্রাঁসোয়া কুরিয়েল বলেন, “গোলকোন্ডা হীরার জন্য এই দাম একটি রেকর্ড। আর রঙহীন হীরার প্রতি ক্যারাটের দাম হিসেবে এটি একটি বিশ্ব রেকর্ড।”
মার্কিন অলঙ্কার বিক্রেতা প্রতিষ্ঠান ব্ল্যাক, স্টার এন্ড ফ্রস্ট হীরাটি বিক্রির জন্য নিলামে দেয়। হীরাটি কোনো জাদুঘরের জন্য কেনা হয়েছে বলে ধারণা তাদের।
হীরাটির নাম অস্টিয়ার হ্যাপসবার্গ রাজবংশের যুবরাজ যোশেফের নামে রাখা হয়েছে। ১৯৩৩ সালে একটি ব্যাংকে যুবরাজ হীরাটি গচ্ছিত রেখেছিলেন বলে জনশ্র“তি আছে।
বিশ্ববিখ্যাত কোহিনুর ও দরিয়া ই নুর হীরাও ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডা খনিতে পাওয়া গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪২৩ ঘ.
bdnews24