বেইজিং, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেস শেষ হয়েছে।
বুধবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে কংগ্রেসের সমাপনী অধিবেশন হয়।
কংগ্রেসে অংশগ্রহণকারী দুই হাজার দুইশ’ ৭০ জন প্রতিনিধির ভোটে ক্ষমতাসীন দলের প্রায় দুইশ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৃহস্পতিবার তাদের মধ্য থেকে পলিটব্যুরোর ২৪ জন সদস্য এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন করবেন।
দেশটির পরবর্তী অর্থনৈতিক ও রাজনৈতিক নীতি ঠিক করবে এই পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি। এবার এই কমিটির সদস্য সংখ্যা দুই জন কমিয়ে সাতে নামিয়ে আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া এই কংগ্রেসে সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রায় ১৭০ জন সদস্যও নির্বাচিত হন।
সমাপনী অধিবেশনে প্রেসিডেন্ট হু জিনতাও বলেন, “কংগ্রেসের মধ্য দিয়ে পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে এবং সেখানে প্রবীণদের জায়গায় তরুণরা এসেছেন।”
এই কংগ্রেসে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো ‘চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রকে’ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটিতে ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং ও উপপ্রধানমন্ত্রী লি কেকিয়াং রয়েছেন। এই দুজনই চীনের পরবর্তী নেতৃত্বে আসবেন বলে ধারণা করা হচ্ছে।
হু জিনতাওয়ের উত্তরসূরি হিসেবে জিনপিং প্রথমে দলীয় প্রধানের এবং পরবর্তীতে দেশের প্রেসিডেন্টের দায়িত্বে আসতে পারেন বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আগামী মার্চে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে দেশটির নতুন প্রেসিডেন্টকে দেখা যাবে।
আর প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উত্তরসূরির তালিকায় লিয়ের নাম সবার আগে রয়েছে।
এছাড়া কংগ্রেসে সপ্তদশ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের প্রতিবেদন এবং কমিউনিস্ট পার্টির সংবিধানে সংশোধনী অনুমোদন পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/জেকে/১৩১০ ঘ.
bdnews24