২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বিষয়ে কঠোর হতে ওবামার প্রতি আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার আসন্ন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গণহত্যা ও সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মিয়ানমার ও কম্বোডিয়ার নেতাদের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 06:03 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার আসন্ন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গণহত্যা ও সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মিয়ানমার ও কম্বোডিয়ার নেতাদের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার তারা হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওবামার অন্যতম শীর্ষ উপদেষ্টা সামান্থা পাওয়ারও ওই বৈঠকে মানবাধিকার কর্মীদের সঙ্গে ছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়ে আরো দৃঢ় পদক্ষেপ নিতে দেশটির সেনা সমর্থিত সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য ওবামার কি করা উচিত- সে বিষয়েও হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সামান্থা। ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ১৭-২০ নভেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ড যাবেন। এই তিনটি দেশে ওবামার পরিকল্পিত সফর মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন সামরিক শাসনে থাকার পর মিয়ানমারে চলমান গণতান্ত্রিক সংস্কার এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, এই অবস্থায় দেশটিতে ওবামার সফর সময়োচিত হচ্ছে না বলে মত দিয়েছেন তারা। বৈঠকে প্রায় আধা ডজন মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা। মিয়ানমার সফরে ওবামা মানবাধিকার, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ইত্যাদি নিয়ে দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেইনকে কঠোর চাপ দিবেন এমন আশ্বাস দেওয়া হলে বৈঠকে উপস্থিত ওই মানবাধিকার কর্মীরা সন্তুষ্ট হন বলে জানান তিনি। মানবাধিকার কর্মীরা কম্বোডিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট হুন সেনের প্রতিও কঠোর মনোভাব দেখানোর জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি দাবী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১৫৯ ঘ.