টাকিও, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিদের আগুনে আত্মাহুতি দেয়ার ঘটনা তদন্তের জন্য চীনকে আহ্বান জানিয়েছেন নির্বাসিত আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাই লামা। এছাড়া জাপানের পার্লামেন্টের সদস্যদেরকে তিব্বত সফরেরও আহ্বান জানিয়েছেন তিনি।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে জাপান সফর করছেন দালাই লামা।
মঙ্গলবার কয়েকজন জাপানি আইনপ্রণেতার উপস্থিতিতে নোবেল শান্তি পুরস্কারজয়ী এ তিব্বতি নেতা বলেন, ‘এ ধরনের দুঃখজনক ঘটনার কারণ উদ্ঘাটনে আমি সবসময়ই চীন সরকারকে এসমস্ত ঘটনা তদন্তের আহ্বান জানাই।’
তিব্বতে নিজদেহে আগুন ধরিয়ে আত্মাহুতি দেয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য এ মাসের শুরুতে চীনকে আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা।
২০১১ সালের মার্চ মাস থেকে তিব্বতে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৬০ জন নিজ গায়ে আগুন দিয়েছে।
তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে চীন। দালাই লামাকে আমন্ত্রণ ও স্বাগত জানানোর মধ্য দিয়ে অন্যান্য দেশগুলো চীনের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করে থাকে বলেও অভিযোগ করেছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দালাই লামা রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় মোড়কে চীনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, জাপানের ডানপন্থী দলগুলোর সঙ্গে দালাই লামার সংশ্লিষ্টতা মেনে নিয়ে তার বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডকে প্রশয় দিচ্ছে জাপান সরকার, যা চীন-জাপানের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী।
চীন ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে পূর্ব চীন সাগরে অবস্থিত এমন দুটি ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপ গত সেপ্টেম্বরে কিনে নেয় জাপান সরকার। এ উপলক্ষে অনুষ্ঠানে দালাই লামাকে আমন্ত্রণ জানায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
পূর্ব চীন সাগরে অবস্থিত প্রায় দুইশ’টি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে। দ্বীপগুলো চীনে দিয়াওয়ু এবং জাপানে সেনকাকু নামে পরিচিত।
মঙ্গলবার দালাই লামা চীনা সরকারকে সাবেক কমিউনিস্ট নেতা দেং জিয়াওপিং’র নীতি অনুসরণ করারও আহ্বান জানান। চীনকে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করিয়েছিলেন দেং জিয়াওপিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮২৪ঘ.
bdnews24