ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট (এসএআরসি)। এ সংখ্যা ত্রাণসংস্থাগুলোর দেয়া আগের হিসাবের দ্বিগুণ।
তবে এসএআরসি যে হিসাব দিয়েছে তার চেয়ে বাস্তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার মুখপাত্র মেলিসা ফ্লেমিং।
কারণ, সিরিয়ায় সহিংসতার কারণে পালাতে থাকা কিংবা গা ঢাকা দিয়ে থাকা মানুষের সংখ্যা হিসাব করা এবং তাদেরকে সহায়তা করাও কঠিন বলে জানান তিনি।
জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ৪ লাখ ৮ হাজারেরও বেশি মানুষ। প্রতিদিন আরো অসংখ্য মানুষ সিরিয়া ছেড়ে পালাচ্ছে।
কিন্তু তারপরও আরো বহু মানুষই বাড়িঘর ছেড়ে গেলেও সিরিয়াতেই রয়ে গেছে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলো তাদেরকে সহায়তা দিতে হিমশিম খাচ্ছে।
বিবিসি জানায়, মঙ্গলবার জেনেভায় ফ্লেমিং বলেছেন, সিরিয়ার রেডক্রিসেন্ট দেশের মধ্যে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়ার পরিসংখ্যান দিয়েছে।
“তারা এ সংখ্যা ২৫ লাখ বলে জানিয়েছে। তবে এটি নূন্যতম হিসাব। বাস্তুচ্যুত মানুষের প্রকৃত সংখ্যা এর বেশিও হতে পারে,” বলেন তিনি।
ফ্লেমিং আরো বলেন, সিরিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় তুরস্ক সীমান্তবর্তী আতমেহ গ্রামে স্থানীয় আশ্রয়শিবিরের পরিসরও বেড়েছে। সহিংসতা থেকে বাঁচতে লোকজন যে পালাচ্ছে কিংবা গা ঢাকা দিয়ে থাকছে এ থেকেই তা স্পষ্ট। তবে এ সংখ্যা হিসাব করা কঠিন।
সিরিয়ার সেনাবাহিনী এখনো হামলা চালিয়ে যাচ্ছে। তুরস্ক সীমান্তের রাস আল-আইন শহরে বিদ্রোহীদের পিছু হটাতে মঙ্গলবার জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালিয়েছে সেনারা।
এদিন দ্বিতীয় দিনের মতো এলাকাটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও শরণার্থীরা।
চেইলানপিনার এলাকার শরণার্থী এবং চিকিৎসাকর্মীরা বলেছে, সোম ও মঙ্গলবার রাস আল-আইনের আবাসিক এলাকাগুলোতে বোমা হামলা হয়েছে। এ শহরটি একটি আরব ও কুর্দি শহর। গত সপ্তাহে বিদ্রোহীরা শহরটি দখল করে নেয়।
চেইলানপিনার হাসপাতালের এক তুর্কি চিকিৎসা কর্মকর্তা বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে আহতদের টেনে বের করার চেষ্টা করছে। বিদ্রোহী যোদ্ধারা বাড়ির আড়ালে আশ্রয় নিয়ে লড়ছে। এলাকার অধিবাসীরা তাদেরকে ফেলে তুরস্কে পালিয়েছে।
রাস আল আইন থেকে পালিয়ে যাওয়া এক কুর্দি বলেন, “আমরা জঙ্গি বিমানের শব্দ শোনামাত্র বুঝতে পারতাম বোমা হামলা হবে। পরক্ষণেই ১শ’ মিটার দূরের আরেকটি বাড়িতে বোমা হামলা হয়।”
“এ হামলা থামবে না। আমেরিকা, ব্রিটেন আসাদকে থামাতে না আসা পর্যন্ত তিনি বিদায় হবেন না,” বলেন তিনি।
রাস আল আইন এ সিরিয়া বাহিনীর এ বিমান হামলার কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং নেটোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু।
লড়াইবিক্ষুব্ধ সিরিয়া পরিস্থিতিতে একজোট হয়েছে সরকারবিরোধী পক্ষগুলো। সিরিয়ার নতুন বিরোধীজোট ইউরোপের দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি চেয়েছে একইসঙ্গে অস্ত্র কেনার জন্য তহবিল সরবাহেরও আবেদন জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২০০৬ঘ.
bdnews24