২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানকে বাড়তি প্রশিক্ষণ সহায়তা দেবে ভারত

আফগানিস্তানের অনুরোধে সেদেশের পুলিশ ও সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ সহায়তা জোরদার করা হবে বলে জানিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নয়াদিল্লী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের অনুরোধে সেদেশের পুলিশ ও সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ সহায়তা জোরদার করা হবে বলে জানিয়েছে ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে নেটো বাহিনী চলে যাওয়ার সময় এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে ভারতের কাছ থেকে সহায়তার আহ্বান জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ আবেদনে সাড়া দিয়েই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ সোমবার বাড়তি প্রশিক্ষণ সহায়তার কথা জানান। ভারতে পাঁচদিনের সফকালে হামিদ কারজাই সোমবার নয়াদিল্লিতে এক বক্তব্যে দেশটির কাছ থেকে নিরাপত্তা সহায়তা কামনা করার পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদেরকে আফগানিস্তানে বিনিয়োগ করারও আহ্বান জানান। ভারতের এ বাড়তি সহায়তাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে বলেই মনে করা হচ্ছে। ২০১৪ সালে নেটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটিকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা দেয়ার জন্য ভারতকে গত জুনে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা। এর আগে গত বছর জেষ্ঠ্য আফগান সেনা কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ গ্রহণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল। এ প্রকল্পের অধীনে আফগানিস্তানের কয়েকশ’ পুলিশ ও সেনা কর্মকর্তা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। আফগানিস্তানকে কিছু ‘যান ও অন্যান্য সাজ সরঞ্জাম’ও ভারত সরবরাহ করেছে বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা। সালমান খুরশিদ বলেন, আফগানিস্তানের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে পুলিশ ও সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম আরো বাড়াতে ইচ্ছুক ভারত। তবে ২০১৪ সালে নেটো বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত তালেবান বাহিনী আবার মাথা চাড়া দিয়ে উঠলে সেখানে কর্মরত ভারতীয়দের জন্য তা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মনে করছে ভারত। তাছাড়া, দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছ থেকে কোনো পাল্টা উদ্যোগ ছাড়াই আফগান সরকারকে সহায়তা করতে ইচ্ছুক ভারত। গতবছর আফগানিস্তানে লৌহ আকরিক খননের কাজ পায় ভারতের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে খনিজ আহরণের সুবিধার্থে দেশটিতে সড়ক ও রেলপথ তৈরির জন্য ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪০ঘ.