২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের মুখে আফগানিস্তানে মার্কিন কমান্ডারও

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সদ্যপদত্যাগী প্রধান ডেভিড পেত্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোবাহিনীর প্রধান জন অ্যালেনের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

যুক্তরাষ্ট্র, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সদ্যপদত্যাগী প্রধান ডেভিড পেত্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোবাহিনীর প্রধান জন অ্যালেনের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। জন অ্যালেনের বিরুদ্ধে পেত্রাউসের বিবাহবর্হিভূত সম্পর্কের ঘটনা ফাঁসের কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীকে ই-মেইলের মাধ্যমে ‘অসঙ্গত’ বার্তা দেয়ার অভিযোগ পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তবে কোনো ধরনের ‘অসঙ্গত’ আচরণের কথা অস্বীকার করেছেন জন অ্যালেন। সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, ডেভিড পেত্রাউসের পারিবারিক বন্ধু জিল কেলির সঙ্গে ২০১০ সাল থেকে ২০১২ সালে পর্যন্ত ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ২০ থেকে ৩০ হাজার পাতার রেকর্ড পেয়েছে এফবিআই। গত শুক্রবার বিবাহবভির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে সিআইএ প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ডেভিড পেত্রাউস। তার সাবেক প্রেমিকা পলা ব্রডওয়েলের কাছ থেকে হয়রানিমূলক ই-মেইল পাওয়ার পরে জিল কেলি এফবিআই’র কাছে অভিযোগ জানালে পেত্রাউসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গতবছর সিআইএ’র প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার আগে জন অ্যালেনের স্থলে আফগানিস্তানে ন্যাটোবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন পেত্রাউস। কলঙ্কজনক এ ঘটনায় সেনাবাহিনীর আরো এক শীর্ষ কর্মকর্তা জড়িয়ে পড়ায় ঘটনাটি ধারণার চেয়েও বেশি বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এক বিবৃতিতে জানান, অভিযোগ উঠায় মার্কিন-ইউরোপিয়ান কমান্ডের এবং ইউরোপে সুপ্রিম অ্যালাইড কমান্ডার হিসেবে জন অ্যালেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মার্কিন সিনেটে শুনানির মুখোমুখি হবেন জন অ্যালেন। বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার স্থলে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে ন্যাটো বাহিনীর প্রধান হিসেবে জেনারেল জোসেফ ডানফোর্ডকে নিযুক্ত করা হবে। রোববার জন অ্যালেনের বিরুদ্ধে এ অভিযোগের ব্যাপারে পেন্টাগনকে অবহিত করা হয়। এর পরপরই প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার কার্যালয়ের প্রধান কর্মকর্তাকে এবং হোয়াইট হাউজে বিষয়টি জানান পেন্টাগনের উচ্চপর্যায়ের আইনজীবীরা। একইদিন বিষয়টি নিরাপত্তা বিভাগের মহাপরিদর্শক এবং মার্কিন সিনেটের নিরাপত্তা বাহিনী বিষয়ক কমিটির সদস্যদের জানান লিওন প্যানেট্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৪১২ ঘ.