জেরুজালেম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজার তিনটি এলাকায় মঙ্গলবার সকালে কয়েক ঘন্টায় তিনদফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নিয়ে ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি হামলা পঞ্চম দিনে গড়ালো।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিদের ব্যবহৃত দুইটি রকেট নিক্ষেপ এলাকা ও একটি অস্ত্রগুদামে হামলা চালানো হয়েছে।
সরাসরি লক্ষ্যস্থলে হামলা চালানো হয়েছে ও এতে কেউ হতাহত হয়নি বলে দাবী করেছে ইসরায়েলি বাহিনী।
এই হামলার আগে ফিলিস্তিনিদের রকেট হামলার কঠোর জবাব দেওয়ার হুমকী দিয়েছিল ইসরায়েল।
সোমাবার রাতে গাজার ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তুতির কথা জানানো হয়েছিল। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এর কোনো জবাব দেওয়া হয়নি।
গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য গোষ্ঠির সঙ্গে বৈঠক করে ইসরায়েলের পন্থায় ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে।
সোমবার রাতে এ দলগুলোই মিলিতভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল।
শনিবার থেকে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলের ভিতরে ১১৯ টি রকেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৫৩ ঘ.
bdnews24