২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায়ও ওবামার জয়

যুক্তরাষ্ট্রের এই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো বারাক ওবামার বাক্সে জমা পড়ায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে তিনি পরাজিত করলেন ১২৬ ইলেকটোরাল ভোটের ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 04:40 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

মিয়ামি, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়ে যাওয়ার পরও ফ্লোরিডা রাজ্যের ভোটের ফলাফল চারদিন পর্যন্ত ঝুলে ছিল। শেষ পর্যন্ত শূণ্য দশমিক ৮৮ শতাংশ ভোট বেশি পেয়ে রাজ্যটি জয় করেছেন ওবামা। শনিবার সব ভোট গণণা শেষে রাজ্যটিতে প্রেসিডেন্ট ওবামাকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে এই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলোও ওবামার বাক্সে জমা পড়ে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে ৩০৩ টি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। এবার ফ্লোরিডার ২৯টি ইলেকটোরাল ভোটও যোগ হওয়ার ওবামার পক্ষে মোট ইলেকটোরাল ভোট হল ৩৩২টি। এ রাজ্যটিতে ওবামা বিজয়ী হওয়ায় রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির ইলেকটোরাল ভোট ২০৬টিতেই সীমাবদ্ধ থাকলো। ভোট গণণার জটিলতার জন্য ফ্লোরিডার ফলাফল পেতে চারদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখানে কে বিজয়ী হতে যাচ্ছেন তা জানার জন্য শেষ ভোট গণণা পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রতিদ্বন্দ্বীতা হয়েছে হাড্ডাহাড্ডি, যদিও তা আগেই আবেদন হারিয়েছে । ফ্লোরিডা রাজ্যের সেক্রেটারি অব স্টেট অফিস ঘোষিত ফলাফলে জানানো হয়, রাজ্যটিতে ওবামার পক্ষে ভোট পড়েছে ৫০ দশমিক শূণ্য এক শতাংশ আর রমনির পক্ষে ৪৯ দশমিক এক তিন শতাংশ। রমনির চেয়ে ৭৪ হাজার বেশি জনপ্রিয় ভোট পেয়েছেন ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিতি পাওয়া রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা ছিল অন্যতম। এ রাজ্যে বিজয়ী হওয়ার মাধ্যমে দোদুল্যমান হিসেবে বিবেচিত আটটি রাজ্যের সবগুলোতেই বিজয়ী হলেন প্রেসিডেন্ট ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০৩৫ ঘ.