২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছরে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীনের অর্থনীতি

আগামী চার বছরে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হবে চীন। একথাই বলছে আন্তর্জাতিক একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী চার বছরে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হবে চীন। একথাই বলছে আন্তর্জাতিক একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান। প্যারিস-ভিত্তিক ‘অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি) বলেছে, এ বছরের শেষ নাগাদ চীনের অর্থনীতি ইউরোজোনের দেশগুলোর সম্মিলিত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। আর এভাবেই ২০১৬ সালের শেষ নাগাদ চীনের অর্থনৈতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। ওইসিডি’র উর্ধ্বতন অর্থনীতিবিদ আশা জোহানসন বলেন, আগামী ৫০ বছরে বিশ্বের জিডিপি বাড়বে বার্ষিক ৩ শতাংশ হারে। কিন্তু বিভিন্ন দেশ এবং অঞ্চলভেদে এর বড় ধরনের তারতম্যও ঘটবে। ২০২৫ সাল নাগাদ চীন এবং ভারতের সম্মিলিত জিডিপি ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার সম্মিলিত জিডিপি কে ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে বিশ্বে অর্থনৈতিক শক্তির ভারসাম্যে এ ধরনের পরিবর্তনই পরিলক্ষিত হবে বলে মন্তব্য করেন তিনি। অক্টোবরে চীনের অর্থনৈতিক উপাত্তে দেখা গেছে, দেশটিতে তিন বছরের ধীরোগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার হয়েছে। অক্টোবরের তথ্যে দেখা গেছে এ উন্নয়নের ধারা। অবকাঠামো বিনিয়োগ এবং উৎপাদন বেড়ে ৫ মাসে দ্রুত সচল হয়েছে চীনের অর্থনীতি। বছরপ্রতি রপ্তানির হার অক্টোবরে ১১ শতাংশেরও বেশি বেড়েছে। যা অর্থনীতিবিদদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এ ধারা অব্যাহত থাকলে চীনের অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছে যাওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে অর্থনীতিতে এ উন্নয়নের পরও বিশ্বে বৈষম্য সহসাই দূর হবে না বলে আভাস দিয়েছেন জোহানসন। তিনি বলেন, ২০৬০ সাল নাগাদ চীন ও ভারতে মানুষের আয় ৭ গুণ বেড়ে যাওয়াসহ দরিদ্র দেশগুলোতে বেশির ভাগ মানুষের আয় অনেক বাড়লেও বৈষম্য দূর হবে না। উদীয়মান অর্থনীতির দেশগুলোতে ওই সময়ে জীবনযাত্রামান রয়ে যাবে যুক্তরাষ্ট্রের মানুষের জীবযাত্রামানের ২৫ থেকে ৬০ শতাংশের মধ্যে। বিশ্বে ভারসাম্যহীনতাও বাড়তে থাকবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তবে বিভিন্ন দেশ শ্রম ও উৎপাদনে আরো বেশি সংস্কার পদক্ষেপ নিলে ওই ঝুঁকি কমানো যাবে বলে জানিয়েছে ওইসিডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২১০৮ঘ.