সাংহাই, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নীতিঘেঁষা অনুষ্ঠানমালা প্রচার করে বর্তমান প্রজন্মের মনজয় করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে চীনা গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য।
একসময় কমিউনিস্ট পার্টিঘেঁষা অনুষ্ঠানগুলো বেশ সফল হলেও বর্তমানে চীনা তরুণরা বিদেশী, বিশেষ করে জনপ্রিয় মার্কিন টেলিভিশন প্রোগ্রামগুলোর দিকেও ঝুঁকে পড়ছে তারা।
চীনা টেলিভিশন চ্যানেলগুলো প্রাইম টাইমে ‘রেড ড্রামা’ নামে পরিচিত কমিউনিস্ট পার্টিঘেঁষা বিভিন্ন নাটক প্রচার করা হয়। ওই সময়টুকু নিজের কম্পিউটারে ইন্টারনেট থেকে ডাউনলোড করা জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘প্রিজন ব্রেক’ দেখেই কাটাবেন বলে জানান সাংহাইয়ের ২৬ বছর বয়সী জয় ঝ্যাং।
একটি উৎপাদন কারখানায় কর্মরত ঝ্যাং বলেন, ’৮০ পরবর্তী প্রজন্মের সদস্য হিসেবে অন্যান্য সংস্কৃতি, ধ্যানধারণা, চিন্তাভাবনা ও অন্যান্য আকর্ষণীয় বিষয় জানতে চাই আমি। স্কুলে পড়ার সময় রেড ড্রামাগুলো দেখতে হয়েছে আমাকে, ওগুলোতে নতুন কোনো বক্তব্য নেই।”
তবে সমাজতান্ত্রিক চীনে রেডআর্মি, কমিউনিস্ট পার্টি ও সাধারণ গ্রামবাসীদের কষ্টসাধ্য জীবনের গল্প ও গুণগাঁথাসমৃদ্ধ টিভি নাটক ও অনুষ্ঠানগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।
কিন্তু কমিউনিস্ট পার্টির নীতি প্রচারে একসময় বিপুলভাবে কার্যকর টিভি অনুষ্ঠানগুলো এখন নিস্তেজ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তরুণ প্রজন্মের আগ্রহ অনুযায়ী এসব অনুষ্ঠান নতুন করে তৈরি করার দরকার বলেও মনে করছেন তারা।
হংকং ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াও জিয়াওসুই বলেন, ‘রেড ড্রামাগুলোকে অবশ্যই বদলাতে হবে। সময় পাল্টে গেছে।’
গতবছর জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত চীনা টেলিভিশন চ্যানেলগুলোর উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, বয়স্করা পছন্দ করে এমন কিছু টেলিভিশন চ্যানেলে ‘রেড ড্রামা’ দ্বিগুণ করা হয়েছে। কিন্তু হুনান প্রভিনসিয়াল স্যাটেলাইট চ্যানেলের তরুণ দর্শক বেশি, এমন চ্যানেলগুলোতে রেড ড্রামা শুরু হলে ৮০ শতাংশই টেলিভিশন দেখা বন্ধ করে দেয়।
তরুণ দর্শক কিউ ইং বলেন, ‘ শুধু পার্টির গুণগান আর অতিরঞ্জন না করে রেড ড্রামাগুলোর আরো বাস্তবধর্মী হওয়া উচিত। সবগুলো নাটকেই কোনো চরিত্র যদি বিপদে পড়লে বলে ওঠে, আমি স্বেচ্ছায় চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছি। এমন হলেই চ্যানেল পাল্টে দেই আমি।’
তবে তরুণদের মন জয় করতে ব্যর্থ হলেও অপেক্ষাকৃত বয়স্কদের মধ্যে খুবই জনপ্রিয় এসব অনুষ্ঠান। এজন্যই কিউ চ্যানেল বদলে ফেললেও তার বাবা ভালোবাসেন রেড ড্রামাগুলো।
তিনি বলেন, একটি ভালো রেড ড্রামা মনে সাহস যোগায়। এগুলো দেখার সময় চীনা জাতির আরো শক্তিশালী হয়ে ওঠার আকাঙ্খার শক্তি অনুভব করতে পারি আমি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮১০ঘ.
bdnews24