ওয়াশিংটন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গত সপ্তাহে আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ড্রোন বিমানের দিকে ইরানি জঙ্গিবিমান থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। গুলি করাও হলেও ড্রোনটিকে সরাসরি আঘাত করা হয়নি।
১ নভেম্বর এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে পেন্টাগন।
ইরানি উপকূল থেকে থেকে ১৬ নটিকাল মাইল দূরে পারস্য উপসাগরের আকাশে রুটিনমাফিক গোপন টহলে থাকা ড্রোনটির দিকে অন্তত দুবার গুলি ছোঁড়া হয়। সকাল ৮টা ৫০ মিনিটে দুটি ইরানী এসইউ- ২৫ ‘ফ্রগফুট’ বিমান থেকে গুলিগুলো ছোঁড়া হয়।
এ ঘটনার বিষয়ে কূটনৈতিক সূত্রের মাধ্যমে ইরানকে আনুষ্ঠানিভাবে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগণ।
পেন্টপগণের ধারণা, ড্রোনটিকে আঘাত করার উদ্দেশ্যেই গুলি ছোঁড়া হয়েছিল। আর তা হলে ইরানে পাল্টা হামলা চালাতে মার্কিন বাহিনী বাধ্য হতো বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা কত দ্রুত সহিংসতায় পর্যবসিত হতে পারে এ ঘটনা তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক সীমানায় এটি ছিলো মার্কিন চালকবিহীন বিমানের উপর ইরানের প্রথম কোনো হামলার চেষ্টা।
পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, “অন্তত দুবার গুলি ছোঁড়া হয়, দুবারই তা ড্রোনটির পাশ কেটে বেরিয়ে যায়।”
এসময় ইরানের সীমানা থেকে মার্কিন ড্রোনটি আরো দূরে সরে যাচ্ছিলো বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “ড্রোনটি কখনোই ইরানের সীমানায় প্রবেশ করেনি। কোনো দেশের সমুদ্রতীরের ১২ নটিকাল মাইল পর থেকেই আন্তর্জাতিক সীমানা শুরু হয়।”
লিটল আরো জানান, ঘটনার পরপরই বিষয়টি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা, হোয়াইট হাউজ ও কংগ্রেসের সদস্যদের তা অবহিত করা হয়।
তবে এ ঘটনা সম্পর্কে ইরানের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
গত বছর ইরানের সীমানার ভেতরে সিআইএ’র একটি ড্রোন বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় ইরানি কর্তৃপক্ষ। ওই ঘটনার পর এটিই ড্রোন নিয়ে দুদেশের মধ্যে সৃষ্ট নতুন কোনো ঘটনা।
খুঁজে পাওয়া মার্কিন ড্রোন নিয়ে কাজ করে নিজস্ব প্রযুক্তিতে ইরানি ড্রোন তৈরির করা হয়েছে বলে স¤প্রতি দাবী করেছে ইরান। ইরানে তৈরি এ ধরনের একটি ড্রোন কিছুদিন আগে ইসরায়েলের আকাশ থেকে ভূপাতিত করে ইসরায়েলি বিমানবাহিনী।
ইরানে তৈরি ড্রোনটি লেবাননে সংযোজন করে ইসরায়েলের আকাশে পাঠিয়েছিল বলে দাবী করেছে ইরান সমর্থিত লেবাননি শিয়া রাজনৈতিক দল হেজবুল্লাহ।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে। কিন্তু পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের এ দাবী বরাবর পত্যাখান করে আসছে ইরান। তাদের দাবী, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে নিয়োজিত।
পরমাণু বোমা তৈরিতে বাধা দিতে গত এক বছর ধরে পশ্চিমা দেশগুলো ইরানে ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তবে ইসরায়েল নিজের নিরাপত্তার জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে সামরিক হামলাকেই শেষ অবলম্বন বলে মনে করছে।
এ নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলো ও তাদের মধ্যপ্রাচ্য মিত্র ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫৩০ ঘ.
bdnews24