ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় অবনতিশীল মানবিক পরিস্থিতি সামলে উঠতে পারছে না রেডক্রস। সহিংসতার কারণে হতাহতের সংখ্যা বাড়ার পাশাপাশি দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।
ক্রমাগত সহিংসতায় মানবিক সঙ্কট তীব্র আকার ধারণ করতে থাকায় সব দুর্গত মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মৌরের।
আলোপ্পোর মতো যেসব শহরে তুমুল সংঘর্ষ চলছে সেখানে মানবিক সহায়তা দেয়ার জন্য রেডক্রস কর্মীরা ঢুকতে পারছে না। ফলে অগণিত মানুষ ত্রাণ ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।
গত সপ্তাহে কেবলমাত্র হোমস শহরে কর্মীরা জনগণকে সেবা দিতে পেরেছে এবং এটাকেই রেডক্রসের একটি বড় সাফল্য হিসাবে দেখছেন মৌরের।
সিরিয়ায় অবিরাম লড়াই-সংঘর্ষের স্বরূপ দেখে রেডক্রস পরিকল্পনা করে কোনোকিছু করতে পারছে না। বরং এর পরিবর্তে সুযোগ বুঝে দিনের ত্রাণ সরবরাহের কাজ দিনেই সারতে হচ্ছে।
সিরিয়ায় ত্রাণতৎপরতা নিয়ে জেনেভায় শুক্রবার জাতিসংঘ কর্মকর্তা এবং দাতাসংস্থাগুলোর সম্মেলনের আগে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মৌরের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৩ঘ.
bdnews24