২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিই সমস্যা, বিদায়ী ভাষণে হু জিনতাও

চীনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দুর্নীতিকে দেশের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

বেইজিং, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির কংগ্রেসে দুর্নীতিকে দেশের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও। বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে ক্ষমতাসীনদের দলীয় কংগ্রেস উদ্বোধন হয়, যাতে সারাদেশ থেকে দুই হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। কমিউনিস্ট রাষ্ট্র চীনে একটি রাজনৈতিক দলই রয়েছে। প্রতি ৫ বছর অন্তর দলের কংগ্রেস হয় এবং এতে নির্বাচিত নেতাদের হাতেই থাকে দেশের শাসনভার। কংগ্রেসের উদ্বোধনী ভাষণে হু জিনতাও বলেন, দল ও দেশের জন্য দুর্নীতি হুমকি হিসেবে দেখা দিলেও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় চীনে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় থাকার প্রয়োজন রয়েছে। কংগ্রেসে বক্তব্যে হু জিনতাও (চীনা উচ্চারণে হু চিনথাও) রাজনৈতিক সংস্কারের কথা বললেও কোনো নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেননি। পশ্চিমা ধাঁচের কোনো সরকার ব্যবস্থা চালুর সম্ভাবনাও নাকচ করেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির এই শীর্ষ নেতা বলেন, “দুর্নীতি নিয়ে দিন দিন জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর কারণে দলীয় সমর্থন কমার পাশাপাশি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঘটনাও ঘটছে। “দুর্নীতিবিরোধী লড়াই ও রাজনৈতিক সংহতি এখন মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তা পূরণ করা আমাদের দলের স্পষ্ট ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রতিশ্রুতি।” প্রায় দুই ঘণ্টার ওই বক্তব্যে হু দলীয় নেতাদের সতর্ক করে বলেন, “এসব বিষয় আমরা ভালোভাবে মোকাবেলা করতে ব্যর্থ হলে তা দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং তাতে দলের পাশাপাশি দেশেরও পতন ঘটাবে। তাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যেতে হবে।” “আমরা অবশ্যই পার্টির নেতৃত্ব সমুন্নত রাখব,” একইসঙ্গে বলেন কমিউনিস্ট নেতা। এই কংগ্রেসে হু জিনতাও তার দলীয় প্রধানের পদ ভাইস প্রেসিডেন্ট জি জিনপিংয়ের কাছে হস্তান্তর করবেন। এক সময়ের উদীয়মান নেতা বো জিলাইয়ের দুর্নীতির কেলেঙ্কারির সঙ্গে জিনপিংয়েরও জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘুষ নেয়া এবং দক্ষিণাঞ্চলীয় শহর চংকিং হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার তৎপরতা চালানোর জন্য বো জিলাইকে অভিযুক্ত করে চীনের কমিউনিস্ট পার্টি। এ বিষয়ে ইঙ্গিত করে দলীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে হু বলেন, “কেউ দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলে তিনি যে পদ মর্যাদার কর্মকর্তাই হোন না কেন ক্ষমা না করে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।” “কর্মকর্তারা বিশেষ করে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অবশ্য কঠোর শৃঙ্খলা অনুসরণ করবেন এবং তাদের পরিবার ও কর্মীদের শিক্ষাগত মানোন্নয়নের পাশাপাশি তাদের ওপর নজর রাখবেন। এছাড়া তাদের কখনো কোনো সুবিধা আদায়ের চেষ্টা করা উচিত হবে না।” গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের (চীনা উচ্চারণে ওয়েন চিয়াপাও) পরিবারের অন্তত ২৭০ কোটি ডলারের গোপন সম্পদ রয়েছে। অবশ্য ওই প্রতিবেদনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে চীন সরকার। আগামী ১৪ নভেম্বর এই কংগ্রেসের সমাপ্তি টানার কথা রয়েছে। কংগ্রেসের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের নতুন কেন্দ্রীয় কমিটি নির্ধারিত হবে। আর তাদের মধ্য থেকে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি পলিটব্যুরোর স্টান্ডিং কমিটি নির্বাচিত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে। বর্তমান স্ট্যান্ডিং কমিটিতে নয় জন সদস্য রয়েছেন যাদের মধ্য থেকে প্রেসিডেন্ট হু ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ সাতজনই বিদায় নেবেন। এবারের কংগ্রেসে ৬৮ বছরের বেশি বয়সীদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা। বর্তমান কমিটির বাকি দুই সদস্য জি জিনপিং ও লি কেকিয়াং দলীয় নেতৃত্বে আসবেন বলে ধারণা করা হচ্ছে। আর আগামী বছরের মার্চে হু জিনতাওয়ের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের দৌড়ে জি জিনপিংই এগিয়ে রয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে এবার পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য সংখ্যা দুই জন কমিয়ে সাতে নামিয়ে আনা হবে বলে ধারণা করা হচ্ছে। এই কংগ্রেসের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে ২৪ জন সদস্য নির্বাচিত হবেন এবং এখানেই বিভিন্ন প্রদেশের প্রধান ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে নিয়োগপ্রাপ্তদের অনুমোদন দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩৫১ ঘ.