ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবর্তনের ঘোষণা দিয়ে চার বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মন জয় করে নেয়া বারাক ওবামা হোয়াইট হাউজকে আরো চার বছর নিজের ঠিকানা হিসেবে পেলেন।
গত চার বছরে পরিবর্তনের ফল হাতে পুরোপুরি হাতে না পেলেও বিশ্বের প্রতাপশালী রাষ্ট্রের ভোটাররা দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের কথায় যে ভরসা খুঁজে পেয়েছেন, মঙ্গলবার জনরায়ে তারই প্রতিফলনই ঘটেছে।
আর তাই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে ইলেকটোরাল ও পপুলার ভোট- দুটোতেই পেছনে ফেলেছেন ডেমক্রেট প্রার্থী ওবামা।
জিতেই টুইটারে ওবামার উচ্ছ্বাস- ‘আরো চার বছর’, সঙ্গে স্ত্রী মিশেলের উষ্ণ আলিঙ্গনের ছবি; যা এই যাবৎকালের সব টুইটের মধ্যে সর্বাধিকবার রি-টুইট হয়েছে।
নতুন মেয়াদে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে আশার বাণীও শোনালেন প্রকাশ্য জনসভায়- দেশের জন্য সেরাটা দেয়ার অপেক্ষায় তিনি।
হার স্বীকার করে বিজয়ী ওবামাকে অভিনন্দন জানান মূল প্রতিদ্বন্দ্বী মিট রমনি। নতুনভাবে নির্বাচিত পুরনো প্রেসিডেন্টের কাছে তিনি আশা রেখেছেন, সামনের কঠিন দিনগুলোতে যুক্তরাষ্ট্রকে সঠিক পথেই ওবামা পরিচালনা করবেন।
যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের সংবাদ মাধ্যমে ওবামার বিজয় ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে অভিনন্দন বার্তাও আসতে থাকে নানা প্রান্ত থেকে, তাতে শামিল ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও।
ওবামার জয় ততক্ষণে স্পষ্ট হলেও তখন পর্যন্ত ফলাফল আসেনি। এমনকি বাংলাদেশ বুধবার রাত ১২টায়ও বাকি ছিল ৫১টি রাজ্যের মধ্যে ফ্লোরিডা রাজ্যের ফল।
ইলেকটোরাল কলেজের ৫৩৮টি প্রতিনিধির মধ্যে ৫০টি রাজ্যে ওবামার করায়ত্ত হয়েছে ৩০৩টি, অন্যদিকে রমনি পেয়েছেন ২০৬টি। যেহেতু ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোটই জয় নিশ্চিত করে, সেহেতু ফ্লোরিডার ফলাফল এখন কোনো গুরুত্ব বহন করে না।
ফ্লোরিডা বাদে অন্য সব রাজ্যে ওবামার পক্ষে ভোট পড়েছে ৬ কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৪৮টি, রমনির ভোট ৫ কোটি ৭৪ লাখ ৩৯ হাজার ৫০১টি।
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের ভোটও হয়েছে একই দিনে।
সেই ফলাফল নিয়ে দেখা যায়, ১০০ আসনের সিনেটে ৫১টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমক্রেটরা। রিপাবলিকানদের আসন ৪৭টি।
অন্যদিকে ৪৩৫ আসনের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে (প্রতিনিধি পরিষদ) ২৩২টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে মিট রমনির দল, সেখানের ওবামার দলের আসন ১৯১টি।
অর্থনীতি নিয়ে মার্কিনিদের দীর্ঘমেয়াদী অসন্তোষ আর নির্বাচনের ঠিক আগে রমনির কঠিন চ্যালেঞ্জ ছাপিয়ে হোয়াইট হাউজে থাকা নিশ্চিত করলেও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা যে গতবারের মতোই কোনো পরিকল্পনায় বাধা হতে পারে, সেই মাথাব্যথা ওবামার জন্য থেকেই গেল।
দেশের মধ্যে স্পষ্ট বিভক্তি রেখা চিহ্নিত করে নির্বাচনের এই ফলাফল দ্বিতীয় মেয়াদে ওবামার সামনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসছে বলে বিশ্লেষকদের মত। অভ্যন্তরীণ নানা সমস্যার পাশাপাশি বৈদেশিক নীতির চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে ওবামাকে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি এখনো অনেকটাই নাজুক। কর্মসংস্থান বাড়লেও বেকারত্ব কমেনি। গ্যাসোলিনের দাম আকাশ ছোঁয়া। ১৪ ট্রিলিয়ন ডলারের সরকারি ঋণের বোঝা আরো বাড়ছে। স্বল্প মেয়াদে কোনোরকমে ঠেকা দিয়ে চলছে কেন্দ্রীয় সরকারের বাজেট কর্মসূচি।
এই অবস্থার মধ্যেও ওবামার জয়ের পেছনে কারণ খুুঁজেছেন বিশ্লেষকরা এভাবে- নাজুক হলেও দেশের অর্থনীতি নিয়ে জনগণ ক্রমেই আশাবাদী হয়ে উঠতে থাকায় তারা আবার রায় দিয়েছে ওবামার পক্ষে। তারা বিশ্বাস করেছেন দেশের অর্থনীতির জন্য সামনে সুদিন আসছে।
দীর্ঘ প্রচারাভিযানের ক্লান্তির ছাপ ছাপিয়ে বিজয় মঞ্চে উজ্জীবিত ওবামার কণ্ঠেও ছিল সেই আশা জাগানিয়া সুর- “আমরা একটি আমেরিকান পরিবার এবং যারা একসঙ্গে উঠে দাঁড়াতে জানে, পতনেও থাকে একসঙ্গে।”
“আমরা যা শুরু করেছিলাম তা শেষ করতে চেষ্টা করব। আমি চাই, আমার মতো আপনারাও প্রথম হওয়া গৌরবের ভাগীদার হবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০১১৪ ঘ.
bdnews24