ওয়াশিংটন, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভালোয় ভালোয় নির্বাচন পাড়ি দিলেও প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ওবামার সামনে আছে নানা চ্যালেঞ্জ।
পুরোনো চ্যালেঞ্জগুলো এবার ভালোভাবে মোকাবেলা করতে হবে তাকে। দেশের অভ্যন্তরীণ নানা সমস্যার পাশাপাশি বৈদেশিক নীতির চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে ওবামাকে।
আর তাই পুনর্র্নিবাচিত হওয়ার আনন্দ উপভোগের জন্য খুব বেশি সময় না নিয়ে ওবামা ইতোমধ্যেই দেশে রাজনৈতিক বিভক্তি ও অর্থনীতিসহ প্রথম মেয়াদে তার ভাবমূর্তি ক্ষুন্নকারী ইস্যুগুলোর চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্র“তি দিয়েছেন জনগণকে।
রাজনীতি
চার বছর আগে ওবামা ক্ষমতাসীন হওয়ার সময় দেশে রাজনীতির যে চিত্র ছিল দ্বিতীয় মেয়াদে তা একইরকম নেই। কংগ্রেসের দুই কক্ষে দুই দলের আধিপত্য থাকায় যে কোনো ইস্যুতে কোনোরকম সিদ্ধান্ত বাস্তবায়নে ওবামার পথ এখনো কুসুমাস্তীর্ণ থাকছে না।
২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের সিনেট ডেমোক্র্যাট আর প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের দখলে চলে যাওয়ার পর থেকে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে ওবামা বাধার সম্মুখীন হয়েছেন একাধিকবার।
এবারের নির্বাচনে আবারো কংগ্রেসে দুই দল সেই একই অবস্থানে থাকায় পুরোনো চ্যালেঞ্জই আবার মোকাবেলা করতে হবে ওবামাকে। দ্বিধাবিভক্ত কংগ্রেস ওবামার যে কোনো পদক্ষেপই আটকে দিতে সক্ষম। আর তাই দ্বিতীয় মেয়াদে বড় বড় ইস্যুগুলো এগিয়ে নিতে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা করেই চলতে হবে ওবামাকে।
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি এখনো অনেকটাই নাজুক। কর্মসংস্থান বাড়লেও বেকারত্ব কমেনি। গ্যাসোলিনের দাম আকাশ ছোঁয়া। ১৪ ট্রিলিয়ন ডলারের সরকারি ঋণের বোঝা আরো বাড়ছে। স্বল্প মেয়াদে কোনোরকমে ঠেকা দিয়ে চলছে কেন্দ্রীয় সরকারের বাজেট কর্মসূচি। অচিরেই এর মেয়াদ ফুরিয়ে সরকার সঙ্কটে পড়তে পারে। অর্থনীতি ফিরে যেতে পারে মন্দায়। ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আবার সঠিক পথে নিয়ে আসা ওবামার জন্য দ্বিতীয় মেয়াদে অত্যন্ত কঠিন এবং বড় চ্যালেঞ্জ।
কেন্দ্রীয় সরকারের করের বোঝা কমানো, নতুন কর পরিকল্পনা বাস্তবায়ন করা, ব্যয় কাটছাঁট, স্বাস্থ্যসেবা, জাতীয় ঐক্য গড়ে তোলাসহ অভ্যন্তরীণ নানা বিষয়ের সুরাহা করতে হবে তাকে।
অন্যদিকে, বৈদেশিক নীতিও ওবামার জন্য দ্বিতীয় মেয়াদে বড় চ্যালেঞ্জ।
আফগানিস্তান
প্রথম মেয়াদে ওবামা আফগানিস্তানে সেনা সংখ্যা বাড়িয়েছিলেন। দ্বিতীয় মেয়াদ হবে সেখান থেকে ২০১৪ সালের শেষ নাগাদ সেনা প্রত্যাহার করা। আর তা করাটা ওবামার জন্য রাজনৈতিক দিক থেকে জটিল হয়ে দাঁড়াবে। কারণ, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার মতো বিশেষ কিছু কাজের জন্য কিছুসংখ্যক সেনা সেখানে রেখে দেয়ার বিষয়টি বিবেচনায় আছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ অনেক জায়গায়ই জনমত দীর্ঘমেয়াদে সেনা উপস্থিতির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে।
পাকিস্তান
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক রাখাটা গুরুত্বপূর্ণ হলেও স¤প্রতি কয়েক বছরে সম্পর্ক অবনতির দিকে গেছে। যুক্তরাষ্ট্রে বহু বিশ্লেষকই পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখে। তবে এতে পাকিস্তানের পতন না হলেও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। দ্বিতীয় মেয়াদে ওবামাকে এ বিষয়টি মেনে নিয়েও ইসলামাবাদের সঙ্গে যথাসম্ভব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। একইসঙ্গে তাকে মাথায় রাখতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়টিও।
ইরান
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা প্রথম মেয়াদে ঠেকিয়ে রাখতে পেরেছিলেন ওবামা। নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের চেষ্টা নিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে নিষেধাজ্ঞা ব্যর্থ হলে ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে ঠেকিয়া রাখা ওবামার জন্য কঠিন হবে। সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আবার ইরান বেশি বেপরোয়া ভাব দেখালে ওবামা খোদ দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থার সিদ্ধান্ত নেবেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
এ সমস্ত চ্যালেঞ্জের পাশাপাশি সিরিয়ার চলমান গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের করণীয়, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়া, মুসলিম, বিশ্বের সঙ্গে সম্পর্কের মতো অসংখ্য বিষয় মোকাবেলায় যথেস্ট বেগ পেতে হবে ওবামাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.
bdnews24