২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসব বেদনা নিয়েও ভোটকেন্দ্রে

যুক্তরাষ্ট্রের গ্যালিসিয়া ম্যালোনের এটাই ছিল প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া। আর এ দিনই তিনি জন্ম দিয়েছেন তার প্রথম সন্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 07:54 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুব ব্যস্ততার কারণে যারা ভোট দিতে যেতে পারছেন না বলে ভাবেন শিকাগোর গ্যালিসিয়া ম্যালোনে তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। ২১ বছর বয়সী ম্যালোনে মঙ্গলবার সকালে প্রচণ্ড প্রসব বেদনা নিয়ে হাসাপাতালে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। বিবিসি ও এনবিসি শিকাগো জানিয়েছে, শিকাগোর দক্ষিণের উপশহর ডল্টনের ওই অধিবাসী এদিন হাসপাতালে যাওয়ার পথে তার জীবনে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর পরপরই তিনি তার প্রথম সন্তান জন্ম দেন। ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ডেভিড ওরর বলেন, ম্যালোনে যখন ভোট দিতে কেন্দ্রে হাজির হন তখন তার গর্ভের পানি ভেঙ্গে গিয়েছিল। ওরর জানান, ভোট দেওয়ার পর সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় নিউ লাইফ সেলিব্রেশন চার্চে পৌঁছার পাঁচ মিনিট পরই ম্যালোনে সন্তানের জন্ম দেন। সব ভোটারের মধ্যে এ রকম দৃঢ়তা থাকার আশা প্রকাশ করে তিনি বলেন, “ভোট দেওয়ার পথে কোনো কিছুকেই তোয়াক্কা না করায় আমি ম্যালোনেকে অভিবাদন জানাই। পরবর্তী প্রজন্মের জন্য তিনি একটি দারুণ উদাহরণ তৈরি করলেন এবং তা এমন সময়ে, যখন তিনি প্রথম সন্তানের জন্ম আসন্ন।” তবে, শিকাগোর অনেক ভোটারই এবার ভোট দেওয়া নিয়ে জটিলতায় পড়েছিল। কারণ তারা জানতো না তাদের ভোটকেন্দ্র কোথায়। অনেকেই অনলাইনে কেন্দ্র জানতে হুমড়ি খেয়ে পড়েছে, এজন্য ইন্টারনেটেও চাপ তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় এক নির্বাচন কর্মকর্তা শিকাগোর নির্বাচনী বোর্ডের ওয়েবসাইটে প্রবেশে অতিরিক্ত চাপের কথাটি স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএমটি/০১৫০ ঘ.