ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি মঙ্গলবার দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনও চলছে।
দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সিনেটের এক-তৃতীয়াংশ আসন ও প্রতিনিধি পরিষদের সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া, একইসঙ্গে চলছে ১১টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচন।
সিনেট সদস্যদের কার্যকালের মেয়াদ ৬ বছর এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ দুই বছর। কংগ্রেসের সিনেট সদস্যদের সংখ্যা ১০০ এবং প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা ৪৩৫ জন।
বর্তমানে সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ। সিনেটে তাদের ৫৩টি এবং রিপাবলিকানদের ৪৭টি আসন রয়েছে। তবে এ নির্বাচনের মাধ্যমে এ পরিস্থিতি পাল্টে দেয়ার প্রত্যাশা করছে রিপাবলিকানরা।
২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে এ আত্মবিশ্বাস অর্জন করেছে তারা। ওই নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ভেঙে দিয়ে ২৪২টি আসন দখল করে রিপাবলিকানরা। অন্যদিকে, ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ১৯৩টিতে দাঁড়ায়।
এছাড়া ওই নির্বাচনের মাধ্যমে সিনেটে সদস্য সংখ্যার ব্যবধানও কমিয়ে আনে রিপাবলিকানরা।
এবারের কংগ্রেসের জন্য নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাট শিবির কোনোভাবে সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার প্রত্যাশা করছে। অন্যদিকে, রিপাবলিকান শিবিরও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.
bdnews24