ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পেনসেলভানিয়া থেকে ফ্লোরিডা কয়েকটি রাজ্যে ভোটার পরিচয়পত্র ও ব্যালট পেপারসহ ভোটের প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে।
একইসঙ্গে মঙ্গলবারের এই নির্বাচনে অনেক রাজ্যে ভোটারদের দীর্ঘ সারি যথাসময়ে সব ভোটগ্রহণ সম্পন্ন করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি থেকে শুরু করে গণনা মেশিনে সফটওয়্যার সংযোজন পর্যন্ত নানা বিষয়ে সৃষ্ট বিতর্ক দীর্ঘ ও তিক্ত প্রচারণা শেষে সংঘটিত এ নির্বাচনে কি প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়।
পর্যবেক্ষকরা বলছেন, ওবামার প্রত্যাশিত বিজয় রাজ্য পেনসেলভানিয়াতে ছবিসহ ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা নিয়ে বিতর্ক উঠেছে।
মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে লইয়ার্স কমিটি ফর সিভিল রাইটসের নির্বাহী পরিচালক বারবারা আর্নউইন বলেন, “নির্বাচন কর্মীদের সামান্য ও বাজে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা ভোটারদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে বাধ্য করছেন। তা না থাকলে ফেরত পাঠাচ্ছেন।”
“পেনসেলভানিয়া রাজ্যের লজ্জা পাওয়া উচিৎ।”
রাজ্যের রিপাবলিকান কর্মকর্তারা ভোটারদের ছবিসহ পরিচয় পত্র দেখানো বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করার পর গত মাসে পেনসেলভানিয়ার এক বিচারক এই আইনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
আরো কয়েকটি রাজ্যে ২০১১ সাল থেকে রিপাবলিকান প্রতিনিধিরা এই আইন প্রণয়ন করলেও আদালত তা বাতিল করেন বা তা বাস্তবায়ন স্থগিত করে দেন।
ভোটার পরিচয়পত্রকে কেন্দ্র করে ব্যাপক সংশয়ের খবর পাওয়া গেছে জানিয়ে ফিলাডেলফিয়া ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমিটি অব সার্ভের প্রেসিডেন্ট জেক স্টলবার্গ বলেন, “যারা সংশয়ের খবর দিয়েছেন তাদের মধ্যে প্রায় ১০ শতাংশকে ছবিসহ পরিচয়পত্র না থাকায় ভোট দিতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন।”
অন্যদিকে, রিপাবলিকানদেরও অভিযোগ আছে। তাদের অভিযোগ, ওবামা প্রশাসন তাদের বৈধ নির্বাচন কর্মকর্তাদের বাধা দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। কিন্তু আদালত তাদের ৭৫ জন নির্বাচন কর্মকর্তাকে বহাল রাখার আদেশ দেয়।
পেনসেলভানিয়া রাজ্যে রিপাবলিকান পার্টির সভাপতি রব গ্লিসন তার ভাষায় ওবামা প্রশাসনের এ উদ্যোগকে ‘লজ্জাহীন’ বলে আখ্যা দিয়েছেন।
অনেকগুলো কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি কম ভোট পড়ার আশঙ্কা তৈরি করেছে। গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডা, ভার্জিনিয়া ও ওহাইয়ো এবং এক সপ্তাহ আগে স্যান্ডি বিধ্বস্ত নিউ জার্সি ও নিউ ইয়র্কেও দীর্ঘ সারির খবর পাওয়া গেছে।
নাগরিক অধিকার কর্মীরা বলছেন, ভোটারদের দীর্ঘ সারি যুক্তরাষ্ট্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে।
লিডারশিপ কনফারেন্স অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ওয়েড বলেন, “ওহাইয়োর মতো রাজ্যে দীর্ঘ সারি দেখে মনে হবে বাগদাদ বা কাবুলের কথা।”
জনবহুল মিয়ামির কিছু এলাকায় ভোটারদের মঙ্গলবার ভোট দিতে ১৫ মিনিট থেকে তিন ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে।
ফ্লোরিডার কিছু ব্যালট পেপার ১২ পৃষ্ঠারও বেশি। এগুলোর মধ্যে ওবামার স্বাস্থ্য সেবা পরিকল্পনাসহ রাজ্য সংবিধানের প্রস্তাবিত ১১টি সংশোধন সমর্থনের বিষয় রয়েছে।
এছাড়া ফ্লোরিডা রাজ্যের অন্যত্র পড়তে যাওয়া কলেজ ছাত্ররাও (যারা রাজ্যের বাইরে থেকে ভোট দিচ্ছে) সমস্যায় পড়েছে।
ভোটার নিবন্ধন কার্ডে বাড়ির ঠিকানা থাকায় অরল্যান্ডোর ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার প্রায় ৫৮ হাজার শিক্ষার্থীকে সাময়িক ব্যালটে ভোট দিতে হচ্ছে। তাদের পরিচয় যাচাইয়ের পর ভোট গণনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএমটি/০৫৫৫ ঘ.
bdnews24