২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বশেষ জরিপ: কিছুটা এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের ৫৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকী। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে সব নির্বাচনী জরিপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 06:06 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ৫৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকী। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে সব নির্বাচনী জরিপে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস প্রকাশিত সর্বশেষ জরিপে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান জনসমর্থন দেখা গেলেও কিছুটা এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী ওবামা। যে সব রাজ্যের ভোটের ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে সেই সব রাজ্যগুলোতে রমনির চেয়ে কিছুটা এগিয়ে আছেন ওবামা। সামগ্রিকভাবে জরিপে অংশগ্রহণকারী সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ ওবামাকে ভোট দিবেন বলে জানিয়েছেন আর ৪৬ শতাংশ ভোটার রমনিকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে ওহাইওতে এখনও ৪ শতাংশ অগ্রগামিতা ধরে রেখেছেন ওবামা। এই রাজ্যে ওবামার পক্ষে ৫০ শতাংশ ও রমনির পক্ষে ৪৬ শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছেন। এছাড়া ভার্জিনিয়া ও কলোরাডোতে রমনি থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ওবামা। কিন্তু ফ্লোরিডায় এগিয়ে আছেন রমনি, এখানে দুইজনের জনপ্রিয়তার ব্যবধান মাত্র ১ শতাংশ। রাজ্যগুলোর সর্বশেষ জরিপে প্রার্থীদের যে অবস্থা প্রকাশ পেয়েছে তাতে ইলেকটোরাল কলেজ পদ্ধতি বিবেচনায় ওবামাকেই এগিয়ে রেখেছেন ইপসোসের জরিপকারী জুলিয়া ক্লার্ক। ওহাইওতে ওবামার এগিয়ে থাকাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। সোমবার শেষ মূহুর্তের প্রচারণায় কাকে ভোট দিবেন এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি এমন অল্প কিছু ভোটারদের নিজের পক্ষে টানার চেষ্টা করে গেছেন দুই প্রার্থী। এসব ভোটারদের সবাই দোদুল্যমান ওই চারটি রাজ্যের বাসিন্দা। এই নির্বাচনে দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে ওহাইওকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। এই রাজ্যে এগিয়ে আছেন ওবামা। ভার্জিনিয়ায় ৪৮ শতাংশ জনসমর্থন নিয়ে ওবামা এগিয়ে থাকলেও খুব পিছিয়ে নেই রমনি, তার পক্ষে জনসমর্থন ৪৬ শতাংশ। কলোরাডোতেও এগিয়ে আছেন ওবামা, তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলার অবস্থায় আছেন রমনি। এখানে ওবামার পক্ষে জনসমর্থন ৪৮ শতাংশ আর রমনির পক্ষে ৪৭ শতাংশ। দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল ফ্লোরিডায় এগিয়ে আছেন রমনি। তবে খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই। এখানে রিপাবলিকান প্রার্থীর পক্ষে ৪৮ শতাংশ ভোটার আর ডেমোক্রেট প্রার্থীর পক্ষে ৪৭ শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে শুধু জনগণের সরাসরি ভোট বেশি পেলেই হবে না ইলেকটোরাল কলেজ নামক এক বিশেষ নির্বাচনী ব্যবস্থার মধ্যদিয়েও যেতে হবে প্রার্থীদের। রাজ্যগুলোর জনসংখ্যার ওপর নির্ভর করে সেই রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট নির্ধারণ করা হয়। রাজ্যের ভোটারদের সরাসরি ভোট যে প্রার্থী বেশি পাবেন সাধারণত সেই প্রার্থীরই ওই রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো পাওয়ার কথা। এভাবে যে প্রার্থী নিজের পক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট জমা করতে পারবেন তিনিই হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। “এই দোদুল্যমান রাজ্যগুলোর মধ্যে যে কোনো দুটির ফল পক্ষে গেলেই ওবামার চলবে, আর জরিপে প্রাপ্ত তথ্য বলছে যে এই রাজগুলোর মধ্যে একটি বা দুটি রাজ্যে তিনি জিতবেন,” বলেন ক্লার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১৫৯ ঘ.