২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবৈধ সম্পদ’ থাকার অভিযোগ তদন্তের আহ্বান ওয়েনের

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবওয়ের পরিবারের নামে ২৭০ কোটি ডলারের ‘গোপন সম্পদ’ রয়েছে- নিউইয়র্ক টাইমসে এমন খবর প্রকাশিত হওয়ার পর অভিযোগ তদন্ত করে দেখার জন্য কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

হংকং, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবওয়ের পরিবারের নামে ২৭০ কোটি ডলারের ‘গোপন সম্পদ’ রয়েছে- নিউইয়র্ক টাইমসে এমন খবর প্রকাশিত হওয়ার পর অভিযোগ তদন্ত করে দেখার জন্য কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার হংকং থেকে প্রকাশিত দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর নির্বাহী কমিটিকে একটি চিঠি দিয়ে প্রধানমন্ত্রী ওয়েন নিজেই অভিযোগটি তদন্ত করার আহ্বান জানিয়েছেন। ওয়েনের এই অনুরোধ নির্বাহী কমিটি গ্রহণ করেছে বলেও জানিয়েছে মর্নিং পোস্ট। ‘পলিটব্যুরো’ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ। প্রধানমন্ত্রী ওয়েনও এ পরিষদের একজন সদস্য। ওয়েন পরিবারের গোপন সম্পদ থাকার ওই সংবাদটি ২৬ অক্টোবর নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। তাতে বলা হয়, ১৯৯৮ সালে ওয়েন উপপ্রধানমন্ত্রী হওয়ার পর তার মা, ভাইবোন ও সন্তানরা গোপনে বিপুল সম্পদের মালিক হতে থাকেন। অবশ্য ওয়েন পরিবারের আইনজীবীরা শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে কয়েকজন বিশ্লেষক বলেছেন, শীর্ষ নেতৃত্বের পারিবারিক সম্পদের তথ্য সর্বসাধারণের জন্য ঘোষণার বিষয়ে চীনে ‘সানশাইন ল’ নামে একটি আইন আছে। এই সুযোগে দীর্ঘদিন ধরে অব্যবহৃত এ আইনটি আবার সমানে নিয়ে আসছে চাইছেন ওয়েন। তবে পিকিং বিশ্ববিদ্যালয়ের আইন বিশেষজ্ঞ অধ্যাপক হে ওয়িফাঙ্গ মর্নিং পোস্টকে বলেছেন, তিনি মনে করেন না যে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা এ নিয়ে তদন্ত পর্যন্ত যাবেন। “যদি ওয়েন তার পারিবারিক সম্পদের হিসাব প্রকাশ করতেও চায়, আমার মনে হয় অবৈধ সম্পদ থাকতে পারে এমন অন্য শীর্ষ নেতারা এর ‘বিস্ফোরক সামাজিক প্রভাব’ বিবেচনা করে তাকে তা করতে দেবে না,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১৫৬ ঘ.