ওয়াশিংটন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারী ভোটারদের সহায়তা পেয়েই হোয়াইট হাউজে গিয়েছিলেন বারাক ওবামা। তবে এবারের নির্বাচনে ওবামার প্রতি নারী ভোটারদের আগ্রহ অপেক্ষাকৃত কম।
তাই মঙ্গলবারের নির্বাচনে নারী ভোটাররা মূলত কার দিকে ঝুঁকছেন তা এখনো অনিশ্চিত।
চার বছর আগে ২০০৮ সালে নারী ভোটারদের ৫৬ শতাংশই ওবামাকে ভোট দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন পেয়েছিলেন ৪৩ শতাংশ নারীর সমর্থন। পুরুষদের মধ্যে ৪৯ শতাংশ ওবামাকে এবং ৪৮ শতাংশ ম্যাককেইনকে ভোট দিয়েছিলেন।
এ বছর নারী ভোটাররা মুখ ফিরিয়ে নেওয়ায় দ্বিতীয়বার হোয়াইট হাউজে যাওয়াটা ওবামার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন জনমত জরিপে নারী ভোটারদের মধ্যে সমর্থনে ওবামা প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে সামান্যই এগিয়ে আছেন।
গত সপ্তাহে রয়টার্স/ইপসোসের জরিপে নারী ভোটারদের মধ্যে ওবামার সমর্থন ছিল রমনির চেয়ে ৫ শতাংশ বেশি।
এদিকে ৩ অক্টোবরের প্রথম নির্বাচনী বিতর্কের পরে মিট রমনির পক্ষে নারী ভোটারদের সমর্থন বেড়েছে বলে দাবি করছে রিপাবলিকান সমর্থকরা।
ফ্লোরিডার ফ্ল্যাগার বিচের ৫৯ বছর বয়সী মার্গারিট হাসিঙ্গার জানান, রমনির ব্যাপারে খুবই সমালোচনামুখর ছিলেন তিনি। তবে ৩ অক্টোবরের বির্তকের পর রমনির সমর্থক হয়ে গেছেন তিনি।
ওই বিতর্কের সময় ওবামা ঠিক যেন ‘ওবামা’ ছিলেন না বলে অভিযোগ করেন তিনি।
রমনি শিবির অভিযোগ করে আসছে যে, নারীপুরুষ সব ভোটারদের মূল উদ্বেগের বিষয় যদিও কর্মসংস্থান ও অর্থনীতি কিন্তু ডেমক্রেটরা গর্ভধারণ ও গর্ভপাত ইস্যুতেই নারীদের আটকে রাখতে চাইছে।
তবে ডেমোক্র্যাট শিবির থেকে দাবী করা হয়েছে, দোদুল্যমান রাজ্যগুলোতে নারী ভোটারদের সমর্থন নিজের দিকে টেনে নিতে পেরেছেন ওবামা যা তার জয়ে সাহায্য করবে ।
যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের অর্ধেকই নির্ধারিত হয় নারী ভোটারদের ভোটের মাধ্যমে। তাছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে পুরুষদের চেয়ে অন্তত ৭ শতাংশ বেশি ভোট দেন নারীরা।
ডেমক্রেটরা মনে করছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সমান পারিশ্রমিক ও ন্যায্য আয়করের মতো নারীদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ওবামার অবস্থান রমনিকে পিছনে ফেলেছে।
ফ্লোরিডার হাইয়ালিয়ার বাসিন্দা ৪৭ বছর বয়সী ইভিলিন মিরান্ডা বলেন, আগে অনির্ধারিত থাকলেও বিভিন্ন সামাজিক ইস্যুতে এবং ধনীদের বেশি আয়কর পরিশোধের ব্যাপারে ওবামার অবস্থানের কারনে তার সমর্থন ওবামার দিকে গেছে।
রিপাবলিকানরা ক্ষমতায় গেলে গর্ভপাত নিষিদ্ধ করতে পারে বলে আশঙ্কা করছেন শিল্পী ও পেশায় শিক্ষিকা ইভিলিন। যৌন নিপীড়নের শিকার শিক্ষার্থীদের অবস্থা দেখা ইভিলিন গর্ভপাত নিষিদ্ধ করার বিরোধী।
এবছরের নির্বাচন পর্যবেক্ষণকারীদের মধ্যে টাফ্ট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী রিচার্ড ইচেনবার্গ বলেন, অবশ্যই ওবামা শিবির চাইবে নারী ভোটারদের নিজেদের পক্ষে নিতে।
অনির্ধারিত রাজ্যগুলোতে নারীদের মধ্যে জনপ্রিয়তায় ওবামা এগিয়ে আছেন বলে আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করেন তিনি।
ওবামার নির্বাচনী প্রচারণায় নারী বিষয়ক ইস্যুগুলোতে প্রভাবশালী নারী ব্যক্তিত্বদের দিয়ে প্রচারণা চালানো হয়।
অন্যদিকে ২০০২ সালে ম্যাসাচুসেটসের গভর্নর নির্বাচিত হওয়ার পর থেকে গর্ভপাত ও জন্মনিয়ন্ত্রণ ইস্যুতে রমনির বারবার অবস্থান পরিবর্তন করাকেও সরাসরি আক্রমণ করে প্রচারণা চালানো হয়।
তাছাড়া নারীদের পারিশ্রমিকে বৈষম্য থাকলে কর্মস্থলের বিরুদ্ধে মামলা করার অধিকার বিষয়ক আইন প্রণয়নে ওবামা প্রশাসনকে সমর্থন না দেয়ায় ওবামার নির্বাচনী প্রচারণায় রমনির সমালোচনা করা হয় ।
তবে অনেক বিশ্লেষক মনে করেন, অর্থনীতি ও কর্মসংস্থান পরিস্থিতির নাজুক অবস্থা সত্ত্বেও সমালোচনামূলক প্রচারণাই ওবামার প্রতি নারীদের আগ্রহ কমে যাওয়ার মূল কারণ হতে পারে।
ভিলানোভা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী লারা ব্রাউন বলেন, নারীদের সঙ্গে বিশেষভাবে জড়িত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ডেমক্রেটরা। এরপরও তিনি মনে করেন, নারীদের রমনির পক্ষে চলে যাওয়ার মূল কারণ সম্ভবত নারীরা গর্ভপাত ও সমান পারিশ্রমিকের চেয়ে বরং রাষ্ট্রের সামগ্রিক অবস্থা ও অর্থনীতি ইস্যুকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
ওহাইও’র ডেলাওয়্যারের ৩৩ বছর বয়সী ম্যারিয়ন কির্শনার নিজেকে এমন একজন ভোটার বলেই মনে করেন।
শেষ পর্যন্ত রমনির সমর্থক বনে যাওয়া কির্শনার বলেন, গর্ভপাত ও সমকামী বিয়ের মতো বিষয় ছেড়ে অন্যান্য বিষয়েও সরকারের নজর দেয়া দরকার।
উল্লেখ্য, রমনি গর্ভপাত ও সমকামী বিয়ের ঘোর বিরোধী ।
দুই সন্তানের মা ও একটি বিমান কোম্পানিতে কর্মরত ম্যারিয়ন বলেন, “অর্থনীতি, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র নীতি নিয়েই বেশি মাথা ঘামানো উচিত সরকারের। সামাজিক ইস্যুগুলোর চেয়ে এগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।”
ওবামার প্রতি ক্ষুব্ধ ভার্জিনিয়ার কলোনিয়াল হাইটসের ৪৩ বছর বয়সী ভিকি মে মনে করেন, দেশের অর্থনীতির উন্নতি করবেন রমনি।
ভিকি বলেন, “আমি তিন বছর ধরে বেকার। তারা সবসময় বলছে কর্মসংস্থান রয়েছে, কিন্তু আমি একটিও কাজ খুঁজে পাইনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫১৮ ঘ.
bdnews24