নিউইয়র্ক, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বাসিন্দাদের দূর্ভোগে নতুন মাত্রা যুক্ত করেছে তীব্র শীত। তীব্র ঠাণ্ডার সঙ্গে পাল্লা দিয়েই এগিয়ে চলছে পুনর্বাসন কার্যক্রম।
দুর্যোগ কবলিত এলাকাগুলোর জ্বালানি স্বল্পতা মেটাতে শনিবার থেকে পূর্ণ উদ্যেমে রসদ সরবরাহ শুরু করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।
প্রায় এক সপ্তাহ অন্ধকারে কাটানোর পর লোয়ার ম্যানহাটন আবার ঝলমলে চেহারা ফিরে পেয়েছে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতিতে নিউ ইয়র্ক শহরের গণপরিবহন ব্যবস্থাও স্বাভাবিক অবস্থা ফিরে পাচ্ছে।
তবে এখনও ১০ লাখেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
বিদ্যুৎ সঙ্কটের সঙ্গে জ্বালানি স্বল্পতা যোগ হওয়ায় তীব্র শীতের মোকাবেলা করতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার রাতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এবং পরবর্তী সপ্তাহে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যেতে পারে।
নিউ ইয়র্ক শহরের সবচেয়ে দুর্গত এলাকা স্টাটেন দ্বীপের বাসিন্দারা নানাভাবে ঠাণ্ডার হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। ৪৩ বছর বয়সী টম ক্লার্ক একটি ড্রামের মধ্যে কাঠ জ্বালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বসে শীত কাটানোর চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জেনেট ন্যাপোলিতানো শুক্রবার স্টাটেন দ্বীপ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ বাসিন্দাদের মুখোমুখি হন। জরুরি ত্রাণকর্মীরা তাদের সহায়তা করেছে না বলে মন্ত্রীর কাছে অভিযোগ করেন তারা।
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জ্বালানি ও বিদ্যুৎহীন মানুষদের, বিশেষভাবে যারা বয়স্ক ও অসুস্থ, তাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আশ্রয় কেন্দ্রে তারা খাবার ও উষ্ণতা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কেন্দ্রিয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক ক্রেইগ ফুগেট জানান, নিউ জার্সি ও নিউ ইয়র্ক রাজ্যে ১৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
দুর্গত এলাকার জ্বালানি সঙ্কট মোকাবেলায় ৪ কোটি ৫০ লাখ লিটার গ্যাসোলিন ও ৩ কোটি ৮০ লাখ লিটার ডিজেল কেনার নির্দেশ দিয়েছে ওবামা প্রশাসন।
এছাড়া নিউ মেক্সিকো উপসাগর থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব এলাকার সমুদ্রবন্দরগুলোতে নিষেধাজ্ঞার আওতায় থাকা বিদেশি পতাকাবাহী জাহাজ থেকেও গ্যাস, ডিজেল ও অন্যান্য জ্বালানি খালাস করার সাময়িক অনুমতি দেয়া হয়েছে।
জরুরি প্রয়োজন মেটাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত মজুদ থেকেও জ্বালানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০০১ ঘ.
bdnews24