২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার পরিস্থিতি নিয়ে গর্বিত উত্তর কোরিয়া

মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি বলেছেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গর্বিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

জাতিসংঘ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি বলেছেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গর্বিত। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক একটি কমিটির কাছে এ প্রতিক্রিয়া জানান উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং। ওই কমিটির কাছে একটি লিখিত বিবৃতিতে তিনি বলেন, “উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শত্রুতামূলক নীতির ফসল বিশেষ ওই প্রতিবেদন।” প্রতিবেদনটি পুরোপুরি প্রত্যাখ্যান করার কথাও বলেন তিনি। উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষক মারজুকি দারুসমান একটি প্রতিবেদন তুলে ধরেন। তাতে বলা হয়, উত্তর কোরিয়ায় বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। রাজনৈতিক বন্দী শিবিরে বন্দীদের করুণ দশা, তাদের ওপর নির্যাতন, সামরিক কায়দায় তাদের শাস্তি প্রদান এবং শ্রমসাধ্য কাজে বাধ্য করার কথা উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের সময় দেশটির সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন মারজুকি। তাছাড়া গত মার্চ মাসে এ প্রতিবেদন প্রকাশের পর দেশটির ‘মানবাধিকার পরিস্থিতির করুণ দশার’ তেমন কোনো পরিবর্তনও হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সংস্থাগুলোকে সবসময়ই সহায়তা করে আসছিল উত্তর কোরিয়া। তবে ২০০৬ সালে ইউরোপীয় ইউনিয়ন তাদের বার্ষিক সাধারণ সভায় পিয়ংইয়ংয়ের সমালোচনা করার পর তা বন্ধ করে দেয়া হয়। ওই কমিটির কাছে কিম সং বলেন, “আমাদের লুকানোর কিছুই নেই, ভয় পাওয়ারও কিছু নেই। বরং আমাদের দেশে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা ব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে উচ্চ পর্যায়ের নীতি নিয়ে গর্বিত আমরা। মানবাধিকার রক্ষা ও তার উন্নয়নের জন্য আমাদের সামজিক ব্যবস্থাকেও উন্নত ও শক্তিশালী করেছি আমরা।” বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে সাধারণ পরিষদের ওই কমিটি। এতে জাতিসংঘের ১৯৩টি দেশের প্রতিনিধি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/২২৫৩ ঘ.