ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তিন দিন আগে দ্বিধান্বিত ভোটারদের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি।
এজন্য শনিবার তারা একাধিক রাজ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ওহাইয়ো, উইসকনসিন, আইওয়া ও ভার্জিনিয়ায় প্রচার চালিানোর কথা প্রেসিডেন্ট পুনর্র্নিবাচনের লড়াইয়ে থাকা ওবামার। আর তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি এদিন ভোট চাইতে যাচ্ছেন নিউ হ্যাম্পশায়ার, আইওয়া ও কলরাডোয়।
ওহাইয়োর মেন্টর শহরে জনসংযোগ চালানোর মধ্য দিয়ে এদিনের প্রচারাভিযান শুরু করেন ওবামা। আর আগের দিন ওয়েস্ট চেস্টারে নিজের সবচেয়ে বড় জনসভায় বক্তব্য দেন রমনি। প্রায় ১৮ হাজার মানুষ ওই সভায় অংশ নেয় বলে বিবিসির এক খবরে বলা হয়।
এদিন ওবামার পক্ষেও ভার্জিনিয়ায় বড় ধরনের সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও ওবামার সঙ্গে জনসংযোগে নামার কথা।
শুক্রবার ওহাইয়োয় তিনটি সমাবেশে বক্তব্য দেন ওবামা। আর ওহাইয়ো যাওয়ার আগে উইসকনসিন রাজ্যে জনসংযোগ করেন রমনি। এরপর ওহাইয়োয় দুটি সমাবেশে যোগ দেন তিনি।
ওহাইয়োয় সমর্থকদের উদ্দেশে ওবামা বলেন, “আমরা জানি, পরিবর্তনের মানে কী এবং গভর্নর (রমনি) যে স্বপ্ন দেখাচ্ছে আমি তেমন স্বপ্ন দেখাব না।”
যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের শুক্রবার কর্মসংস্থান সৃষ্টির যে তথ্য প্রকাশ করেছে তার প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, “আমরা প্রকৃত অগ্রগতি এনেছি। আমাদের আরো কাজ বাকি আছে।”
দেশটিতে অক্টোবরে এক লাখ ৭১ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে যা প্রত্যাশার তুলনায় বেশি বলে জানিয়েছে শ্রম দপ্তর।
অন্যদিকে, সাবেক ম্যাসাচ্যুসেটস গভর্নর রমনি বলেন, “প্রেসিডেন্ট হওয়ার আগে ওবামা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি সেগুলো পূরণ করতে পারেননি। আমি পরিবর্তনের প্রতিশ্রুতি দিই এবং আমার তা পূরণ করার রেকর্ড আছে।”
তিনি বলেন, “ওবামা কখনো নেতৃত্ব দেননি, কখনো গণমানুষের সঙ্গে কাজ করেননি, অর্থনীতিতে কিভাবে নতুন কাজের সুযোগ তৈরি করতে হয় তা তিনি কখনোই সঠিকভাবে বোঝেননি।”
নির্বাচনের আগের সর্বশেষ জনমত জরিপগুলোতে দেখা যায়, ওবামা সামান্য এগিয়ে থাকলেও দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
অবশ্য বিবিসির ওহাইয়ো প্রতিনিধি পল অ্যাডামসের মতে, নির্বাচনের আগেভাগে জয়ের কাটা ওবামার দিকেই ঝুঁকছে। জনমত জরিপগুলোতে জোর প্রতিদ্বন্দ্বিতার রাজ্যগুলোতে রমনির পক্ষে সমর্থন না বাড়ায় এ ধারণা করা হচ্ছে।
ঘর্ণিঝড় স্যান্ডি পরবর্তী দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং গত মাসে প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির কারণে ওবামার পক্ষে শেষ মুহুর্তে সমর্থন বাড়ছে বলে মনে করেন তিনি।
আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায় ভোটগ্রহণ হবে। এর মধ্য দিয়ে মোট ৫৩৮ জন ইলেকটোরাল কলেজ ভোটার নির্বাচিত হবেন। আর তাদের ভোটে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০ ইলেকটোরাল ভোটের প্রয়োজন।
এ নির্বাচনে আগাম ভোট দেয়ারও সুযোগ রয়েছে। ইতোমধ্যে ৩৪টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায় প্রায় আড়াই কোটি ভোট পড়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২১৫৮ ঘ.
bdnews24