বৈরুত, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিদ্রোহীদের হামলার মুখে রাজধানী দামেস্কর সঙ্গে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর প্রধান সংযোগকারী সড়ক সংলগ্ন শেষ ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে সিরীয় সেনাবাহিনী। এতে দামেস্ক থেকে আলেপ্পো আরো বিচ্ছিন্ন হয়ে পড়লো।
সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় সারাকুয়েব শহরের উত্তরপশ্চিম দিকে অবস্থিত ওই ঘাঁটিটি ছেড়েছে বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সিরীয় সরকার বিরোধী মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
কিন্তু এই অভিযানে সেনাঘাঁটি দখলের পর বিদ্রোহীরা যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের এ অভিযোগ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়।
অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সরকারী বাহিনীর পরাজয় দাবী করলেও অন্য কোনো সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ায় বিদেশী সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ থাকায় ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়ে কোনো সংবাদ প্রচারিত না হওয়ায় বিষয়টি নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।
আলেপ্পোর ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের সারাকুয়েব শহরের নিকটবর্তী সেনাবাহিনীর তিনটি সেনা ছাউনিতে বৃহস্পতিবার একযোগে আক্রমণ করে বিদ্রোহীরা। হামলায় ২৮ সেনা নিহত হওয়ার পর ছাউনিগুলো ছাড়তে বাধ্য হয় সেনাবাহিনী।
অভিযানের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আত্মসমর্পণ করার পরও কয়েকজন সেনাকে গুলি করে হত্যা করে বিদ্রোহীরা।
এ ঘটনার দিকে ইঙ্গিত করে জেনেভাস্থ জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কোলভিল বলেছেন, “অভিযোগ হচ্ছে এই, আত্মসমর্পণকৃত এসব সেনারা আর যুদ্ধ করছিল না। তাই এ দিক থেকে দেখলে এটিকে আর একটি যুদ্ধাপরাধের নজির বলে মনে হচ্ছে।”
“দুর্ভাগ্যজনকভাবে এটি সিরিয়ার সরকারী বাহিনী ও তাদের অনুমোদিত বেসামরিক বাহিনী সাব্বিহা’র বিচারবিহীন হত্যাকাণ্ডের মত একই ধরনের ঘটনা,” বলেন তিনি।
ভিডিও ফুটেজে দেখা যায়, আটককৃত সেনাদের “আসাদের কুকুর” ইত্যাদি বলে গালাগাল করছে বিদ্রোহী যোদ্ধারা, এরই এক পর্যায়ে উপর্যুপরি গুলি করে আটকৃতদের হত্যা করছে উত্তেজিত বিদ্রোহীরা।
গত ১৯ মাস ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৩২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। এই গৃহযুদ্ধ প্রতিবেশি দেশগুলোকে টেনে এনে আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১২ ঘ.
bdnews24