নিউ ইয়র্ক, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৭০ সাল থেকে অনুষ্ঠিত হওয়া ‘নিউ ইয়র্ক সিটি ম্যারাথন’ এবার হচ্ছে না।
স্যান্ডিবিধ্বস্ত নিউ ইয়র্কে ঐতিহ্যবাহী এই ম্যারাথন দৌড় বাতিল করেছেন সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ।
ঝড়ের পরও তিনি এই আয়োজনের পক্ষপাতি হলেও কয়েকজন দৌড়বিদ ও রাজনীতিবিদদের সমালোচনার মুখে পিছু হটতে হয়েছে মেয়রকে।
প্রতিবছর নভেম্বরের প্রথম রোববার নিউ ইয়র্কে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়ে আসছিল।
বিধ্বস্ত নিউ ইয়র্কে এবার ম্যারাথন আয়োজনের যৌক্তিকতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু এই বিতর্ক ছাপিয়ে ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে ৪ নভেম্বর ম্যারাথন দৌড় অনুষ্ঠানের ঘোষণাও দেয়া হয়।
‘পুনরুদ্ধারের জন্যে দৌড়’ স্লোগানে এবারের ম্যারাথন থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ১০ লাখ ডলার তহবিল সংগ্রহেরও পরিকল্পনা নেয়া হয়েছিল।
এ বছর ৪৭ হাজারের বেশি প্রতিযোগীর এই ম্যারাথনে অংশ নেয়ার কথা ছিল।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির বিশাল ব্যাপকতার মধ্যেও বৃহৎ এ আয়োজন নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক উঠলেও সেসব উড়িয়ে দিয়েছিলেন সিটি মেয়র ব্লুমবার্গ।
তিনি বলেছিলেন, “২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার দু’মাস পরেই ৪ নভেম্বর সে বছরের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। এটি নিউ ইয়র্ক সিটির ঐতিহ্যের প্রতীক। একইসঙ্গে নতুন করে জেগে উঠতেও এ ম্যারাথন আমাদের উৎসাহ জোগাবে।”
কিন্তু ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি কয়েকজন দৌড়বিদ ও রাজনীতিবিদদের সমালোচনার মুখে পিছিয়ে গেলেন ব্লুমবার্গ। শুক্রবার তিনি এবারের ‘নিউ ইয়র্ক সিটি ম্যারাথন’ দৌড় অনুষ্ঠান বাতিল ঘোষণা করেন।
১৯৭০ সাল থেকে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম রোববার ২৬ দশমিক ২ মাইল (৪২ দশমিক ২ কিলোমিটার) দীর্ঘ এ অনুষ্ঠিত হয়ে আসছে। এর আয়োজন করে বেসরকারি সংস্থা নিউ ইয়র্ক রোড রানার ক্লাব (এনওয়াইআরআর)।
নিউ ইয়র্কের অর্থনীতিতে এই ম্যারাথনের বড় ধরনের ভূমিকা রাখে। এ উপলক্ষে কয়েক লাখ পর্যটক আসেন শহরটিতে এবং লাখ লাখ ডলারের কেনাবেচা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিআর/০৯২২ ঘ.
bdnews24