২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পর বিশ্বব্যাংকের ঋণ পাচ্ছে মিয়ানমার

অবকাঠামোগত উন্নয়নে মঞ্জুরি সহায়তা ও ঋণ হিসাবে মিয়ানমারকে ৩২ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক। বকেয়া ঋণ শোধ করতে পারলে আরো অর্থ পাবে এশিয়ার ‘দ্বিতীয় দরিদ্রতম’ দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ওয়াশিংটন, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারকে মঞ্জুরি সহায়তা হিসাবে ৮ কোটি ডলার এবং ঋণ হিসাবে ২৪ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক এই ঋণ দাতা সংস্থাটি বৃহস্পতিবার ঋণ ও সহায়তা মঞ্জুরের ঘোষণা দেয়। এশিয়ার দ্বিতীয় দরিদ্রতম দেশ মিয়ানমারের জন্য গত ২৫ বছরের মধ্যে এটাই বিশ্ব ব্যাংকের প্রথম মঞ্জুরি ও ঋণ সাহায্য। দীর্ঘ সেনাশাসন অবসান ও বেসামরিক সরকারের অধীনে মিয়ানমারে অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কার শুরুর করার পর এ সাহায্য মঞ্জুর করা হল। মিয়ানমারকে ঋণ দেওয়ার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অন্যান্য বাণিজ্যিক বিধিনিষেধ গত মাসে তুলে নেয় যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংক জানিয়েছে, গ্রামীণ এলাকায় সড়ক, সেতু, স্কুল ও স্বাস্থ্য সেবালয় নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে। এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, “মিয়ানমারের চলমান সংস্কার কর্মসূচীতে আমি আনন্দিত এবং এই সংস্কার প্রচেষ্টা এগিয়ে নিতে দেশটির সরকারের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি।” পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পামেলা কক্স জানান, আগের দেয়া ঋণের বকেয়া ৪০ কোটি ডলার পরিশোধ করতে পারলে মিয়ানমারকে আরো ১৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ মঞ্জুর করা হবে। তিনি জানান, এই ঋণ কীভাবে বিতরণ করা হবে তা নিয়ে সামনের মাসগুলোতেও আলোচনা চলবে। “দরিদ্র ও অরক্ষিতসহ মিয়ানমারের সব মানুষের জন্য সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য,” বলেন কক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১১৬ ঘ.