নিউ ইয়র্ক, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় স্যান্ডিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯৮-এ দাঁড়িয়েছে, এর মধ্যে শুধু নিউ ইয়র্কে মারা গেছেন ৪০ জন।
ঝড়ের পর মানুষ বাড়িতে ফিরতে শুরু করলেও ধ্বংসস্তূপ সরাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মী দল। বিদ্যুৎ সমস্যাও কাটেনি।
উদ্ধার অভিযানে যেতোই এগোচ্ছে, ততোই ঝড়ের ক্ষতির চিত্র ধীরে ধীরে বেরিয়ে আসছে।
নিজেদের বাসার বেজমেন্টে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে পা দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক নারী।
এখনো অনেকে নিখোঁজ। জলোচ্ছ্বাসের পানির তোড়ে মায়ের কোল থেকে ভেসে গেছে দুটি ছেলে। বানের পানিতে হারিয়ে গেছে আরো একজন।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা।
জলোচ্ছ্বাসের পানি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ এলাকার স্থাপনা পুনর্নিমাণে ইনস্যুরেন্স কোম্পানিগুলোকে দেড় হাজার কোটি ডলারের বেশি গুণতে হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঝড়ে কত জন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও অন্যান্য এলাকায় খবর পাওয়া যাচ্ছে যে, জলোচ্ছ্বাসের পানিতে অনেকে ভেসে গেছেন বা এখনো নিখোঁজ রয়েছেন।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্যান্ডিতে নিহতদের মধ্যে ৪০ জন নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে স্টাটেন আইল্যান্ডে ১৫ জন, কুইন্সে নয় জন, ব্রুকলিনে সাতজন ও ম্যানহাটনে তিন জন নিহত হয়েছেন।
“দুর্ভাগ্যজনকভাবে, নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি,” বলেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ।
জলোচ্ছ্বাসে প্লাবিত স্টাটেন আইল্যান্ডের একটি বাড়ির ধ্বংস্তুপের মধ্য থেকে বের করা হয় ১৩ বছরের আন্দ্রেয়া ড্রেচের মৃতদেহ।
স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে ঘণ্টায় ৮০ মাইল বেগে নিউ জার্সি উপকূল অতিক্রম করে রাতভর তাণ্ডব চালায় প্রলয়ঙ্করী স্যান্ডি।
পূর্ণিমার প্রভাবে রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। নিউ জার্সি ও আটলান্টিক সিটিও চলে যায় পানির নিচে।
রাস্তার বিভিন্ন টানেল ও সাবওয়েগুলো সয়লাব হয়ে যায় পানিতে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে অন্তত ২৩ জায়গায় আগুন ধরে যায়। ঘর ও গাছ উপড়ে প্রাণ হারায় কয়েকজন। দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। আলো ঝলমলে শহর নিউ ইয়র্ক ছেয়ে যায় অন্ধকারে।
ঝড়ের সময় অগ্নিকাণ্ডে নিউ ইয়র্কের ব্রিজি পয়েন্টে অন্তত একশ’ ১১টি ঘর পুড়েছে। সেখানে মায়ের পুড়ে যাওয়া বাড়ি দেখতে এসেছেন নিউ ইয়র্কের বাসিন্দা ম্যাথিউ গেসলার।
তিনি সাংবাদিকদের বলেন, “আপনি অগ্নিকাণ্ডের স্থানের ছবি তোলেন এবং বলেন যে, এটা আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের কোনো জায়গা- কেউ আপনার কথায় বিন্দুমাত্র সংশয় প্রকাশ করবে না।”
নিউ ইয়র্কের অনেক রেল লাইন এখনো বন্ধ, চালু হয়নি অর্ধেকেরও বেশি গ্যাস স্টেশন। যে কয়টি গ্যাস স্টেশন চালু রয়েছে সেখানে দেখা যায় গ্রাহকের দীর্ঘ সারি।
ব্রুকলিনেও এখনো ভুতুড়ে পরিবেশ কাটেনি। সেখানকার বাসিন্দা আবদুল রহিম আনোয়ার বলেন, “আমার বাড়িতে কোনো আলো নেই এবং আমার জেনারেটরের জন্য এই জ্বালানিটুকু নিতে এসেছি।”
ঝড়ে নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে জলোচ্ছ্বাসে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও শীতে।
সোমবার নিহত হন নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার বাসিন্দা লরেন আব্রাহাম (২৩)। ঘরের বাইরে জমে থাকা পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।
ঝড়ের প্রায় ১২ঘণ্টা পর মৃত্যু হয় পেনসিলভানিয়ার লেই কাউন্টির বাসিন্দা টেরেসা সিলৎজারের (৮৬)। তীব্র শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকায় তার মৃত্যু হয় বলে সিএনএন জানায়।
নিউ ইয়র্কের স্টাটেন আইল্যান্ড কর্তৃপক্ষ জানায়, সেখানে নিখোঁজদের মধ্যে দুই ও চার বছরের দুই শিশু রয়েছে যারা জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায় মায়ের বাহু থেকে ছুটে গিয়ে।
ওই পরিবারের এক সদস্যের বরাত দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানায়, “তার দুই বাহুতে তারা দুজন ছিল। বানের পানি এসে তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে যায়।”
ঝড়ে ওয়েস্ট ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের কিছু কিছু এলাকায় দুই থেকে তিন ফুট ঊঁচু তুষারপাত হয়েছে।
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রায় ৮০ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে বৃহস্পতিবার ভোর নাগাদ এ সংখ্যা কমে ৪৯ লাখে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০৮২৩ ঘ.
bdnews24