বেইজিং, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে ধাপে ধাপে এবং অঞ্চল ভেদে যুদ্ধবিরতি করাসহ একটি অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ গঠনের নতুন প্রস্তাব দিয়েছে চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “নতুন প্রস্তাবের আওতায় অঞ্চল ভেদে এবং ধাপে ধাপে যুদ্ধবিরতি করাসহ একটি অন্তর্বর্তী পরিচালনা পর্ষদ গড়ে তোলার মতো নতুন ধরনের কিছু গঠনমূলক পরামর্শ দেয়া হয়েছে।”
সিরিয়া সঙ্কট নিরসনে বুধবার বেইজিং সফররত জাতিসংঘ ও আরব লিগ দূত লাখদার ব্রাহিমির কাছে যুদ্ধবিরতির এ প্রস্তাব দেয় চীন।
ঈদুল আযহা উপলক্ষে ব্রাহিমি সিরিয়ায় চার দিনের যুদ্ধ বিরতিতে সরকার ও বিরোধীদের রাজি করালেও শেষ পর্যন্ত সহিংসতায় তা ব্যর্থ হওয়ার পর চীন এ প্রস্তাব করল।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রস্তাবকে সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানের পথে বেইজিংয়ের এক ধাপ অগ্রগামী প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নেয়ার কারণে আরব দেশগুলোসহ পশ্চিমা দেশগুলো চীনের সমালোচনা করে আসছে। আসাদ সরকারের বিরুদ্ধে দমন মূলক ব্যবস্থা নিতে গেলে চীন বেশ কয়েকবারই তাতে ভেটো দিয়ে ব্যাহত করেছে।
ব্রাহিমি বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জুইচি এর সঙ্গে বৈঠকের সময় তিনি ব্রাহিমির মধ্যস্থতার চেষ্টায় বিশ্বের দেশগুলোর আরো জরুরি ভিত্তিতে সক্রিয় হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
ওদিকে, হং বলেন, “আরো বেশি দেশকে এটা বুঝতে হবে যে, সামরিক পথে সঙ্কটের সমাধান আসবে না। রাজনৈতিক সমাধান নিয়েই সবার একযোগে কাজ যাওয়াটা বেশি জরুরি হয়ে দেখা দিয়েছে।”
চীনের নতুন প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠা এবং ব্রাহিমির মধ্যস্থতা প্রচেষ্টা সমর্থন করার পাশাপাশি সিরিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে আগাম যুদ্ধবিরতি বাস্তবায়ন ও সহিংসতা অবসানে রাজি করানো এবং সিরীয় জনগণের নেতৃত্বে একটি আগাম রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া শুরু করা।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ চীন এবং রাশিয়া সহিংসতার জন্য আসাদ সরকারের বিরুদ্ধে আনা পশ্চিমা সমর্থিত জাতিসংঘ খসড়া প্রস্তাবে তিনবার ভেটো দিয়েছে।
কিন্তু তারপরও চীন প্রমাণ করার চেষ্টা করে এসেছে যে তারা কোনো পক্ষ নিচ্ছে না।
তাছাড়া, সিরিয়া সরকারকে বিরোধীপক্ষের সঙ্গে আলোচনায় বসা এবং দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের দাবি পূরণে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০৩১ঘ.
bdnews24