ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি বিশ্ববিদ্যালয়ে হ্যালোইন পার্টিতে বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় (ইউসিএস) রাত সাড়ে ১১টার দিকে (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা জানায়, গুলি ছোড়া শুরু হলে সবাই চিৎকার শুরু করে এবং হুড়োহুড়ি করে ক্যাম্পাসের মূল ভবন থেকে পালাতে থাকে। এর মধ্যে পায়ে গুলিবিদ্ধ একজন ছেলেকেও খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে দেখা গেছে।
হুড়োহুড়িতে পদচাপায় তিন মেয়ে নিহত হয়েছে এবং আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রয়টার্স। ওদিকে, বিবিসি এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আরো একজন পলাতক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে দূরে থাকা এবং ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইউসিএস’র জননিরাপত্তা বিভাগ। অপরিচিত কোনো ব্যক্তির ডাকে ঘরের দরজা খুলতেও নিষেধ করা হয়েছে তাদের।
২০০৮ সালে ইউএসসি’র ক্যাম্পাসের কাছাকাছি অনুষ্ঠিত হ্যালোইন পার্টিতে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ক্রীড়াবিদ ব্রাইসন নেলামের পায়ে তিনবার গুলি করা হয়।
২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার রিলে দৌড়ে রৌপ্যপদক জয়ী দলের সদস্য ছিলেন ব্রাইসন নেলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬২৫ঘ.
bdnews24