২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার অর্থে বুট বানাচ্ছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার অর্থ আর চীনের মাটিতে অস্থায়ী কারখানা থেকে নিজেদের লোকবল দিয়ে ফুটবল জগতে স্বাক্ষর রাখার পরিকল্পনা করেছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ড্যানডং, চীন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের ব্যস্ত শহর ড্যানডংয়ের পাশের একটি গ্রামে অস্থায়ী কারখানায় উত্তর কোরিয়ার ২০ জন হাতে ফুটবল খেলার বুট তৈরি করছে। গত জুলাইয়ে কার্যক্রম শুরু করার পর ইতিমধ্যে ওই কারখানা ১০০ মার্কিন ডলার মূল্যে ১০ হাজার জোড়া বুট বিক্রি করেছে। এর অর্ধেকই কিনেছে দক্ষিণ কোরিয়া। অংশিদার হিসেবে উত্তর কোরিয়া প্রতি মাসে অর্থের বদলে ১০০ জোড়া বুট পেয়ে থাকে। ওই বুট তৈরির কারখানায় স্লোগান লেখা, “আমাদের প্রযুক্তিতে, সেরা ফুটবল বুট।” অভিজ্ঞ মুচি চুং নাম-চুল বলেন, মেশিনে জুতো প্রস্তুত করা সম্ভব হলেও হাতে বানানো হলে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তা বানানো যায়। তাছাড়া এগুলো বেশি আরামদায়ক হয়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের বাসিন্দা চুং ও তার সহকর্মীরা দেশটির সেনাবাহিনী দ্বারা পরিচালিত ফুটবল লিগের একটি সফল দলের সদস্য। নিজেদের বানানো বুটগুলো পরে তারা ফুটবল খেলে। এ কারণে সবচেয়ে ভালো বুটগুলোই বাছাই করে তারা। পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্প হাতে নেয়ায় উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চলছে। এ কারণে বিভিন্ন দেশে অবস্থান করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে বিনিময়যোগ্য বিদেশি অর্থ উপার্জন করছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার উত্তর কোরীয় নাগরিক। রাষ্ট্রীয়ভাবেই এসব কর্মী পাঠানো হয়ে থাকে বলে ধারণা করা হয়। দক্ষিণ কোরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বহু দেশে তাদের সরাসরি মুদ্রার পরিবর্তে ভাউচারের মাধ্যমে পারিশ্রমিক দেয়া হয়, যাতে উত্তর কোরিয়া বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে না পারে। তবে এ কারখানাটিতে কর্মরত দক্ষিণ কোরীয় এক কর্মকর্তা জানান, কর্মীদের সপ্তাহে ২০০ মার্কিন ডলার পারিশ্রমিক দেয়া হয় যার পুরোটাই নিজের কাছে রাখতে পারে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.