২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি রাজ্যে ওবামা ও রমনির অবস্থান প্রায় সমান হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ওয়াশিংটন, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি রাজ্যে লড়াইয়ে সমানে সমান অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি। তবে রয়টার্স/ইপসোস জনমত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী ওবামা সামান্য এগিয়ে আছেন। আগামী সপ্তাহে ওহাইও, ভার্জিনিয়া, ফ্লোরিডা ও কলোরাডোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনলাইন জরিপে দেখা গেছে, জনসমর্থনে ওহাইওতে ৩ পয়েন্ট ও ভার্জিনিয়ায় ২ পয়েন্টে এগিয়ে আছেন ওবামা। ফ্লোরিডায় উভয় প্রার্থীর জনসমর্থন সমান, তবে কলোরাডোতে ১ পয়েন্টে এগিয়ে আছেন মিট রমনি। যদিও বিভিন্ন রাজ্যভিত্তিক জনমত জরিপগুলো মঙ্গলবারে অনুষ্ঠিতব্য নির্বাচনী ফলাফলে প্রার্থীদের অবস্থানের সরাসরি পূর্বাভাস দেয় না, তবে এসব জরিপের সার্বিক ফলাফল থেকে বলা যায় যে, হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোটের বেশির ভাগই যেতে পারে প্রেসিডেন্ট ওবামার পক্ষে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্যগুলোর বেশির ভাগই কট্টর ডেমোক্র্যাট সমর্থক হওয়ায়, এ চারটি রাজ্যের সবগুলো অথবা বেশিরভাগ রাজ্যেই জিততে হবে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে। ওহাইওতে জয় না পেলে রমনির জন্য হোয়াইট হাউজে যাওয়া বেশ কঠিন হবে, তবে এ রাজ্যে ৪৮ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে আছেন ওবামা। রমনির জনসমর্থন এখানে ৪৫ শতাংশ। ভার্জিনিয়ায় ওবামার প্রতি জনসমর্থন ৪৮ শতাংশ, রমনির প্রতি ৪৬ শতাংশ। তবে এ রাজ্য থেকে জরিপে নিবন্ধনকৃত সব অংশগ্রহণকারীদের মধ্যে ওবামার প্রতি জনসমর্থন ৫৪ শতাংশ, রমনির প্রতি ৩৭ শতাংশ। ফ্লোরিডায় উভয় প্রার্থীর প্রতি জনসমর্থন একেবারে সমান। দুই প্রার্থীর ৪৭ শতাংশ করে সমর্থন রয়েছে এ রাজ্যে। শুধু কলোরাডোতে জনসমর্থনে ১ পয়েন্ট এগিয়ে আছেন রমনি। এখানে রমনির প্রতি জনসমর্থন ৪৬ শতাংশ, ওবামার জনসমর্থন ৪৫ শতাংশ। ইপসোসের পরিসংখ্যানবিদ জুলিয়া ক্লার্ক জানান, জনমতের ব্যবধান খুব কাছাকাছি হওয়ায় এ রাজ্যগুলো দোদুল্যমান অবস্থায় আছে। ২০০৪ সালে এগুলো সব রিপাবলিকান সমর্থক ছিলো, ২০০৮ সালে এগুলো সব ডেমক্র্যাটিক সমর্থক বনে যায়। এদিকে পুরো আমেরিকায় জনসমর্থনে রমনির চেয়ে ওবামা মাত্র ১ শতাংশ ভোটে এগিয়ে আছেন বলে দেখা গেছে অনলাইন জরিপে। গত মঙ্গলবার থেকে এ ব্যবধানে কোনো পরিবর্তন আসেনি। অক্টোবরের শুরু থেকে দুই প্রার্থীর মধ্যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকেননি কেউই। তবে হ্যারিকেন স্যান্ডির জন্য অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের সাড়ায় তেমন কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদ জুলিয়া ক্লার্ক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৪ শতাংশ ইতিমধ্যে তাদের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। এদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন ওবামা জিতবেন, ৪১ শতাংশ মনে করছেন রমনি জিতবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৪ ঘ.