২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরমাণু বোমার লক্ষ্য থেকে পিছু হটেছে ইরান’

ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য থেকে সরে এসেছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

লন্ডন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য থেকে সরে এসেছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। তবে আগামী বছর ইরানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা এখনো রয়েছে বলে যুক্তরাজ্যের পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’কে জানিয়েছেন তিনি। এ বছরের শুরুর দিকে ইরান এক তৃতীয়াংশেরও বেশি মধ্যম-সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের পথ বেছে নেয়ায় তাৎক্ষণিক সঙ্কট কেটে গেছে বলে মন্তব্য করেন বারাক। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে অভিযোগে দেশটির ওপর হামলা চালাতে চায় ইসরায়েল। তেহরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোন সামরিক সংশ্লিষ্টতা নেই। কিন্তু ইউরোপ ও যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি নিয়ে ক্রমেই আরো উদ্বিগ্ন হয়ে উঠছে। কূটনৈতিক পদক্ষেপ ও লাগাতার কয়েকদফা অর্থনৈতিক অবরোধও দশক-ব্যাপী এ বিতর্কের অবসান ঘটানো যায়নি। ফলে দেশটির ওপর ইসরায়েলি হামলার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে ইতোমধ্যেই কয়েকটি পরমাণু বোমার জন্য কম সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। যেগুলোকে উচ্চমাত্রায় সমৃদ্ধ করে বোমা বানানো সম্ভব। তবে সে পথে গেলে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম হতে ইরানের এখনো কয়েকবছর লেগে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ঘ.