২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ-পন্থি ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়বে বিদ্রোহীরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করতে দামেস্কে আসাদবিরোধী ফিলিস্তিনিদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করেছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বৈরুত, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করতে দামেস্কে আসাদবিরোধী ফিলিস্তিনিদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করেছে বিদ্রোহীরা। বুধবার এ কথা জানায় বিদ্রোহী বাহিনীর সুকোর আল-গোলান সেনাদলের এক কর্মকর্তা। সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমুক ক্যাম্পে প্রায় দেড় লাখ ফিলিস্তিনী শরণার্থী রয়েছে। গত ১৯ মাসে রক্তক্ষয়ী আসাদবিরোধী বিক্ষোভে ইয়ারমুকের বাসিন্দারা বিভক্ত হয়ে আসাদ সমর্থক সেনাবাহিনী ও আসাদবিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র পক্ষে লড়াই করে আসছে। ওই কর্মকর্তা জানান, ফিলিস্তিনিদের মধ্যে লড়াই করতে আগ্রহীদের অস্ত্র সরবরাহ করে লিওয়া আল-আসিফ দল গঠন করা হয়েছে। ইয়ারমুক ক্যাম্পের দখল নেয়া এবং তা ধরে রাখাই তাদের মূল কাজ। সিরিয়ার সমর্থনে ফিলিস্তিনের লিবারেশন অব প্যালেস্টাইন-জেনারেল কমান্ড দলের প্রধান আহমেদ জিবরিলের অনুগত ফিলিস্তিনিদের মধ্যে যারা ইয়ারমুক ক্যাম্পে আশ্রয় নিয়েছে, তারা ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছে আসাদ বিরোধীরা। এছাড়া, ক্যাম্পের অন্যান্য বাসিন্দাদের উপরও তারা অত্যাচার চালিয়েছে বলে জানায় বিদ্রোহী বাহিনী। সিরিয়ায় প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে। এদের বেশিরভাগই ১৯৪৮ সালে ইসরায়েল গঠিত হওয়ার পর এখানে আশ্রয়গ্রহণকারীদের বংশধর। ফিলিস্তিন বিভিন্ন গেরিলা সংগঠনকে এরা সহযোগিতা করে থাকে। তবে সিরিয়ায় আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শরণার্থীদের মধ্যে বিভক্তি দেখা দেয় এবং এদের অনেকেই আন্দোলনে যোগ দেয়। এবছরের শুরুর দিকে দামেস্কে নিজেদের সব কার্যালয় গুটিয়ে নেয় ফিলিস্তিনের ইসলামী জঙ্গি সংগঠন হামাস। বুধবার ইয়ারমুকে সিরিয়ান আর্মির এক শীর্ষ কর্মকর্তার গাড়িতে বোমা বিস্ফোরণ হয় বলে জানায় ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে এসময় ওই কর্মকর্তা গাড়িতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার সঙ্গে ইয়ারমুকে আসাদবিরোধী ও আসাদ সমর্থকদের মধ্যে সংঘাতের সম্পর্ক রয়েছে কি না তা জানা যায়নি। মঙ্গলবার আসাদ বাহিনীর বিমান হামলায় ১৮০- জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ২০১১ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৩২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯৩৭ঘ.