২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডিতে ক্ষতির খতিয়ান

হারিকেন স্যান্ডির তাণ্ডবের পর এখন চলছে ক্ষয়ক্ষতির হিসেব যা গত বছরের আইরিনের ক্ষতিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ওয়াশিংটন, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া হারিকেন স্যান্ডি পেছনে রেখে গেছে ধ্বংস চিহ্ন। এখন চলছে এই সুপার স্টর্মের ক্ষয়ক্ষতির হিসেব যা গত বছরের হারিকেন আইরিনের ক্ষতিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি দুর্যোগ-পূর্বাভাস প্রতিষ্ঠানের মতে, ঝড়ে ক্ষতির পরিমাণ দুই হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। ৪৫ জনের মৃত্যু ঝড়ে ৪৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে শুধু নিউ ইয়র্কেই প্রাণ হারিয়েছে ১৮ জন। নিহতদের মধ্যে কয়েকজন ঝড়ে উপড়ে পড়া গাছ ও ঘর চাপা পড়েছিলেন। অন্যদের মৃত্যু হয়েছে বন্যা এবং ঝড়ের মধ্যে গাড়ি চালাতে গিয়ে ও ঝড়ে ছিড়ে পড়া তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে। স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানার আগে গত সপ্তাহে ক্যারিবীয় অঞ্চলের তিন দেশ জ্যামাইকা, হাইতি ও কিউবার ওপর দিয়ে বয়ে যায় স্যান্ডি। সেখানে ঝড়ে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ‘দুর্যোগের’ কারণে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আশ্রয় শিবিরে মানুষ স্যান্ডির গতিপথ বরাবর ডজন খানেকের বেশি রাজ্যে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। রেড ক্রসের হিসাব মতে, যুক্তরাষ্ট্রের ১৬টি রাজ্যে তাদের আশ্রয় শিবিরে ১১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, ওই নগরীতে ছয় হাজার একশ’ মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। নিরাপদে বাসায় ফেরার আগ পর্যন্ত আশ্রয় শিবিরগুলো খোলা থাকবে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছেন। বিদ্যুৎ ও টেলিকম বিভ্রাট স্যান্ডির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে ৮১ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। ম্যানহাটনে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। নিউ ইয়র্ক সিটির অনেক এলাকায় বিদ্যুৎ আসতে এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। এছাড়া ঝড়ে উত্তর-পূর্ব উপকূলের অন্তত আটটি রাজ্যের মোবাইল ফোন, টেলিফোন ও ইন্টারনেট সেবা বিঘিœত হয়েছে। বন্যার সঙ্গে অগ্নিকাণ্ডও স্যান্ডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিউ জার্সিতে। এ রাজ্যের পাঁচটি শহরে প্রায় ৫ ফুট পানি উঠেছে। সমুদ্র তীরবর্তী রেল লাইনগুলো ভেসে গেছে, উপকূলের অনেক এলাকা এখনো পানির নিচে রয়েছে। নিউ ইয়র্কে ইস্ট ও হাডসন নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়। অবশ্য ঝড়ের কারণে প্লাবিত এলাকার মোট হিসাব এখনো পাওয়া যায়নি। ঝড়ের মধ্যে নিউ ইয়র্কের কুইন্সে অগ্নিকাণ্ডে ৮০টির বেশি ঘর পুড়েছে। এ সময় নিউ ইয়র্ক শহরের মোট ২৩ জায়গায় অগ্নিকাণ্ড হয় বলে মেয়র ব্লুমবার্গ জানিয়েছেন। বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা সোমবার থেকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের সব ধরনের গণপরিবহণ বন্ধ রয়েছে। বিমান চলাচলও বন্ধ রয়েছে। নিউ ইয়র্কে প্রধান সাতটি সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্যার পানির কারণে নিউ জার্সিতে বন্ধ রয়েছে ব্যস্ততম সড়কগুলোর একটি। ঝড়ের কারণে ১৫ হাজার ৭৭৩টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জলোচ্ছ্বাসের কারণে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মহানগর পরিবহন কর্তৃপক্ষ বলেছে, ভূগর্ভস্থ রেল লাইন থেকে পানি সরাতে চার থেকে পাঁচ দিন লেগে যেতে পারে। সোমবার ও মঙ্গলবার কিছু সময় ওয়াশিংটন ও ফিলাডেলফিয়ায়ও গণপরিবহন বন্ধ ছিল। অবশ্য মঙ্গলবার সকাল থেকে বোস্টনে গণপরিবহন ফের চালু করা হয়। বিরতি নির্বাচনী প্রচারে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের সপ্তাহে হওয়া এ ঝড়ে প্রচার বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি-দুজনই ঝড়ের কারণে তাদের নির্বাচনী প্রচারাভিযান বাতিল করেছেন। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে এখন ব্যস্ত তারা। পুঁজিবাজারে বন্ধ লেনদেন স্যান্ডির কারণে গত দুই দিন নিউ ইয়র্কের স্টক মার্কেটগুলোতে লেনদেন বন্ধ ছিল। ১৮৮৮ সালের পর এবারই প্রথম আবহাওয়ার কারণে এভাবে পুঁজিবাজার বন্ধ হয়েছে। আর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এবারই প্রথমবারের মতো আকস্মিক বন্ধ হয়েছে পুঁজিবাজার। মঙ্গলবার নিউ ইয়র্কের ট্রেডিং ফ্লোরে কোনো লেনদেন হয়নি। কয়েকজন বিশ্লেষক বলছেন, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংক ও ট্রেডিং কোম্পানিগুলো কয়েক কোটি ডলার ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। বুধবার পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হবে বলে আশা করা হচ্ছে। তেল পরিশোধনাগারে পানি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দ্বিতীয় বৃহত্তম তেল পরিশোধনাগারে বন্যার পানি ঢোকার পাশাপাশি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এখানকার অন্য দুটি প্লান্টও বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক অবস্থায় আসতে কিছুটা সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্ধ অফিস, শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ওয়াশিংটনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। এদিকে, নিউ ইয়র্ক ও বোস্টনসহ পূর্ব ঊপকূলের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১৪০৫ ঘ.