২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাস পর জনসম্মুখে উত্তর কোরীয় শীর্ষ নেতার স্ত্রী

দুই মাস পরে জনসম্মুখে উপস্থিত হয়ে সব গুঞ্জনের অবসান ঘটালেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু। জনসম্মুখে দেখা না যাওয়ায় তাকে নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

সিউল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই মাস পরে জনসম্মুখে উপস্থিত হয়ে সব গুঞ্জনের অবসান ঘটালেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু। জনসম্মুখে দেখা না যাওয়ায় তাকে নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সোমবার জু স্বামী উনের সঙ্গে ফুটবল ম্যাচ ও গানের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। দুইমাস আগে উনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রী জু’কে দেখা যেত। তখন কেসিএনএ সংবাদ সংস্থা উনের সঙ্গে জু’য়ের উপস্থিতির সংবাদও প্রচার করতো। কিন্তু গত দুই মাস এর ব্যতিক্রম হওয়ায় জু’নের কি হলো তাই নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেন জু সন্তানসম্ভবা। আর একদলের ধারণা হয়, উত্তর কোরীয় রাষ্ট্রীয় নীতির সঙ্গে অসাম্যঞ্জস্যপূর্ণ আচরণ করায় তার হয়তো শাস্তি হয়েছে। উনের বাবা কিম জং ইলের সঙ্গে তার স্ত্রীদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। ফলে উত্তর কোরীয় নেতাদের জীবনে স্ত্রীদের প্রভাব নিয়ে খুব উচ্চ ধারণা প্রচলিত নেই। কিন্তু উনের সঙ্গে জু’য়ের প্রথম উপস্থিতি থেকেই তাকে অত্যন্ত সাবলীল ও প্রভাবপূর্ণ মনে হয়েছে। তাই আকস্মিকভাবে তার অনুপস্থিতি কৌতূহল ও বিভিন্ন অনুমানের জন্ম দেয়। গানের অনুষ্ঠানে দেশের শীর্ষ দম্পতির উপস্থিতিতে দর্শকরা ব্যাপক উল্লাস প্রকাশ করে বলে জানিয়েছে কেসিএনএ। উন ও জু কবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বা এই দম্পতির কোনো সন্তান আছে কিনা সে সম্পর্কে কখনো কিছু জানায়নি রাষ্ট্রীয় গণমাধ্যম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩০ ঘ.