নিউ ইয়র্ক, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তীব্র বাতাস, জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাত নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি উপকূলে আছড়ে পড়া প্রলয়ঙ্করী ঝড় স্যান্ডির আঘাতে তলিয়ে গেছে বিশাল এলাকা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থাও হয়ে পড়েছে বিপর্যস্ত।
ঝড়ে ইতোমধ্যে ১৩ জন নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
ঝড়ে আটলান্টিক সিটি ও নিউ ইয়র্ক সিটির রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে এ যাবৎকালের সবচেয়ে বেশি জলোচ্ছ্বাসর পানি উঠেছে। এ পানি কয়েকটি বিদুৎ বিতরণ উপকেন্দ্রেও ঢুকেছে। সেখানে আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চলছে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন মেডিকেল সেন্টার থেকে প্রায় ২শ’ রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ওই হাসপাতালের কর্মকর্তা লিসা গ্রেইনার বলেন, “আমাদের টেলিফোন সংযোগও ঠিক মতো কাজ করছে না। তাই যেসব হাসপাতালে এই রোগীদের নেয়া হচ্ছে তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবে।”
এদিকে, নিউ ইয়র্কের বেলভ্যু হাতপাতালের বেসমেন্টেও পানি উঠেছে। জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এই হাসপাতালও চলছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায়। কতক্ষণ এভাবে চালিয়ে নেয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) নিউ জার্সি উপকূলের আটলান্টিক সিটির পাশ দিয়ে ঘণ্টায় ৮০ মাইল বেগে বয়ে যায় স্যান্ডি।
এই ঝড়ে প্রায় ৬৫ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সব মিলিয়ে অন্তত পাঁচ কোটি মানুষ এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২২৯ ঘ.
bdnews24